ঠাকুরগাঁওয়ে ২০ হাজার গাছে কাঁঠাল ধরেনি

ঠাকুরগাঁও-রুহিয়া পাকা রাস্তার ১৬ কিঃমিঃ দীর্ঘ সড়কের দু’পাশের প্রায় ২০ হাজার কাঁঠাল গাছে এবার কাঁঠাল ধরেনি। এক শ্রেণীর মানুষ গরু-ছাগলকে খাওয়ানোর জন্য সারা বছর এ সমস্ত কাঁঠাল গাছের পাতা প্রতিনিয়ত কেটে নিয়ে যায়। আবার অনেকে বাজারে পাতা বিক্রি করে। পরে কাটে এর ডালপালা। এই ডালপালা কেটে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করে, বিক্রিও করে। তারপর সুযোগ বুঝে ডালপালাবিহীন গাছকে কেটে নিয়ে যায়। এভাবেই ধীরে ধীরে উজাড় হতে বসেছে রাস্তার দু’পাশের সারি সারি কাঁঠাল গাছ। পাতা ও ডাল পালা কাটায় গত বছরও এসব গাছে কাঁঠাল ধরেনি। ঠাকুরগাঁও সদর উপজেলার বিসিক শিল্প নগরী (দুরামারিকান্দর) থেকে রুহিয়া পর্যন্ত সড়কের দু’পাশে ২০ হাজার শুধু কাঁঠাল গাছ লাগিয়েছিল ‘ওআরডি’ নামে একটি সংস্থা। সে সময় পরিচর্যার ব্যবস্থা থাকায় কয়েক বছরে গাছগুলো বড় হয় ও কাঁঠাল ফলতে থাকে। পরে এই গাছ হস্তান্তর হয় জেলা পরিষদের কাছে। কয়েক বছর কাঁঠালও বিক্রি হয় লাখ টাকায়। কিন্তু এরপরই ব্যাপকহারে ডালপালা কাটায় অনেক গাছ মরে যায়। আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত রায় জানান, এই সড়কের দু’পাশের কাঁঠাল গাছের মালিকানা ইউনয়ন পরিষদকে দিলে গাছগুলো রক্ষা পেতে পারে। শুধু ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের দু’পাশই নয়, অন্যান্য সড়কের দু’পাশের এমনি আরো প্রায় ৫ হাজার কাঁঠাল গাছেরও একই অবস্থা। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বিভিন্ন সময়ে মাইকিং করেও লোকজনকে ঠেকানো যাচ্ছে না। তাছাড়া জনবলের অভাবে নজরদারি জোরদার করা সম্ভব হয়ে উঠছে না।