বানীবহ-রামকান্তপুর-চন্দনী সড়কের কাজ ৪ মাস বন্ধ
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৪৬
জাইকা’র অর্থায়নে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পৌনে ৭ কিঃ মিঃ দৈর্ঘ্যের রাজবাড়ী সদর উপজেলাধীন বানীবহ-রামকান্তপুর-চন্দনী সড়ক নির্মাণ কাজ কিছু প্রভাবশালীর বাধার কারণে ৪ মাস ধরে বন্ধ আছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত বছরের ১২ জানুয়ারি থেকে সড়কটি নির্মাণ কাজ শুরু হয়। রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করেন।
সড়কটির নির্মাণ কাজের ঠিকাদার ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত দাস বিষ্ণু জানান, তিনি এবং রাজবাড়ী শহরের বড়পুল এলাকার ঠিকাদার গণেশ মিত্র যৌথভাবে সড়কটি নির্মাণ করছেন। কিন্তু সড়কটির পার্শ্ববর্তী লোকজনের জায়গা ও মাটি দেয়ার কথা থাকলেও কিছু লোক রাস্তার ওপর খুঁটি পুঁতে বাধা দেয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সবার সহযোগিতা পেলে এখনও যে সময় আছে তার মধ্যে কাজ শেষ করা সম্ভব। এজন্য তিনি ঐ রাস্তা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।