অনাদিকাল থেকে মনিষীরা বিদ্যাশিক্ষা তথা জ্ঞানার্জনের কথা বলে গেছেন। কিন্তু দেখা গেছে যুগে যুগে নারীশিক্ষার চিত্র বড়ই করুণ। একসময় এদেশে নারীরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। তত্কালীন পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক কারণে নারীশিক্ষা বিশেষ করে মুসলিম পরিবারে ছিল চরমভাবে অবহেলিত। এর সঙ্গে যোগ হয়েছিল ধর্মীয় গোড়ামি। কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে শিক্ষাকে ব্রত হিসেবে নিয়ে আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন যাঁরা, তাঁরা যে কেবল শিক্ষাক্ষেত্রে মেয়েদের পৃষ্ঠপোষকতা করেছেন তা নয়, সাহিত্য রচনার মধ্য দিয়ে সমাজ ও নারীজাতির কল্যাণ সাধনে আত্মনিবেদিত হন—সেইসব ক্ষণজন্মা মহীয়সী নারীর জীবন ও কর্ম পাঠকের কাছে তুলে ধরার প্রয়াস পেয়েছে এ গ্রন্থটিতে। সেইসঙ্গে ঐতিহাসিক পটভূমিতে লেখা তত্কালীন রাজনৈতিক পরিবেশ, সমাজচিত্র, ধর্মীয় অবস্থান, শিক্ষা ব্যবস্থা—এ সকল বিষয়ে রয়েছে পর্যালোচনা।
‘শিক্ষা বিস্তারে বাঙালি মুসলিম নারী’ গ্রন্থটি মূলত একটি গবেষণাধর্মী বই। যেখানে লেখিকা প্রায় দু শ আড়াই শ বছর আগে—যে সময় নারী ছিল গৃহপ্রাচীরের অন্তরালে আবদ্ধ, অশিক্ষা, অক্ষমতা কুসংস্কার আর কূপমণ্ডুকতায় আচ্ছন্ন সমাজের চাপে ন্যূনতম শিক্ষার আলো থেকে বহুদূরে অন্ধকারে, তখন তাঁরা কিভাবে সাহিত্যচর্চা করতে সক্ষম হয়েছিলেন, করেছিলেন কবিতা রচনা—এ বিষয়গুলো সাবলীলভাবে তুলে ধরেছেন।
আজকের শিক্ষার্থীদের কাছে বইটির গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি। এখানে এমন অনেক কবির নাম ও তাঁদের কর্মের সঙ্গে পরিচয় করানো হয়েছে—যাঁদের সম্পর্কে আমরা অনেকে জানি না। বইটিতে আমরা এমন অনেক মহীয়সী নারীর কথা একইসঙ্গে জানতে পারছি।
শিক্ষা বিস্তারে বাঙালি মুসলিম নারী
মমতাজ বিলকিস
প্রচ্ছদ :সৈয়দ লুত্ফুল হক
প্রকাশক : উত্তরণ প্রকাশনা
পরিবেশক : মওলা ব্রাদার্স