ইউরোপিয় ইউনিয়ন ইস্যু
ফ্রান্স ও জার্মানির মতানৈক্য বাড়ল
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৫১
বিস্ময়কর হলেও সত্য- ফ্রান্স ও জার্মানি একে অপরকে কাছে টানার কারণ দুটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসংখ্যাতাত্ত্বিক পার্থক্য। ইউরোপকে একত্রিত করার পেছনে যুগের পর যুগ ধরে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে এ দুটি দেশ। মজার ব্যাপার হলো, এতকিছুর পরও এ নিয়ে জার্মানি ও ফ্রান্সের রয়েছে দুই রকমের দৃষ্টিভঙ্গি। তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির এই পার্থক্য ক্রমেই বাড়ছে। নতুন এক জরিপ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ফরাসি-জার্মান জোট গড়ে ওঠে মূলত মহাদেশীয় এই দুই পরাশক্তির সমযোগ্যতার ভিত্তিতে। ১৯৮০ সালে পশ্চিম জার্মানির অর্থনীতি ও জনসংখ্যার পরিসর ফ্রান্সের চেয়ে কিছুটা বেশি ছিলো। আর ফরাসি অর্থনীতির প্রবৃদ্ধি ছিলো পশ্চিম জার্মানির চেয়ে বেশি।
এর তিন দশক পর, ফ্রান্স ও জার্মানির মধ্যে এই ভারসাম্য আর টিকে থাকেনি। সমন্বিত ইউরোপের ব্যাপারে যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকলেও তাদের মধ্যে ভারসাম্যের বদলে সময়ের সাথে সাথে বেড়েছে পার্থক্য। জার্মানির জনসংখ্যা এখন ফ্রান্সের এক চতুর্থাংশ বেশি। অন্যদিকে, জার্মান অর্থনীতি এখন ফ্রান্সের চেয়ে ৩৮ শতাংশ বড়। তবে ২০১২ সালে যেখানে জার্মান অর্থনীতির প্রবৃদ্ধি ছিলো শূন্য দশমিক নয় শতাংশ। সেখানে ফরাসি অর্থনীতির প্রবৃদ্ধি ছিলো শূন্যের কোটায়।
ফ্রান্স ও জার্মানির জনসংখ্যাতাত্ত্বিক ও অর্থনৈতিক এই সম্পর্ক এখন আরো জটিল হয়েছে। দুই দেশের জনমত জরিপ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, ফ্রান্স ও জার্মানির বাসিন্দাদের মতের ব্যাপক অমিল বা বিস্তর পার্থক্য বেড়েছে। ফরাসিদের বর্তমান দৃষ্টিভঙ্গি এখন অনেকটা দক্ষিণ ইউরোপের বাসিন্দাদের মতো।
বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ফরাসিদের সাথে জার্মানিরা একমত নয়। আর এই মতানৈক্য এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, যেন তারা দুই মহাদেশের বাসিন্দা। যেন তারা একটি মাত্র ইউরোপীয় বাজারে একীভূত নয়।
জনমত জরিপে দেখা যায়, প্রতি দশ জন ফরাসির মধ্যে আটজনের বক্তব্য হলো, বেকারত্ব দেশে বড় সংকট। অন্যদিকে, জার্মানিতে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন প্রতি দশজনের মধ্যে তিনজনেরও কম মানুষ। ফ্রান্সের দুই তৃতীয়াংশেরও কম লোক ভাবেন আর্থিক মন্দায় মূদ্রাস্ফীতি সবচেয়ে বড় ইস্যু। আর জার্মান জনগণের এক তৃতীয়াংশেরও কম দেশের মুদ্রাস্ফীতিকে পাত্তা দেন। অধিকাংশ জার্মান মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন নন। ফরাসিদের ৭১ শতাংশ সরকারের ঋণ নিয়ে চিন্তিত। আর মাত্র ৩৭ শতাংশ জার্মান নাগরিক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
২০০৯ সালে ৪৩ শতাংশ ফরাসি জনগণ মনে করতেন, ইউরোপে অর্থনৈতিক ঐক্য ফরাসি অর্থনীতিকে শক্তিশালী করবে। আর ঐ বছরই ৫০ শতাংশ জার্মান নাগরিকের ভাবনা ছিলো ঐ ঐক্যে জার্মানি লাভবান হবে। সুতরাং দেখা গেলো ২০০৯ সালে ঐ দুই দেশের মানুষের মতপার্থক্য মাত্র ৭ পয়েন্ট। কিন্তু বর্তমানে এই পার্থক্য গিয়ে ঠেকেছে ৩২ শতাংশে। এখন ২২ শতাংশ ফরাসি মনে করছেন, ইউরোপের অর্থনীতি একীভূত হওয়ায় ফ্রান্স লাভবান হচ্ছে। আর ৫৪ শতাংশ জার্মানরা নিজ দেশের ব্যাপারে এমনটি ভাবছেন। সুতরাং ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত্ নিয়েও তারা বেশ দ্বিধাবিভক্ত। অবশ্য জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে কোন বিরোধ থাকার কথা অস্বীকার করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া আঁলাদে।
প্রতিষ্ঠান হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়েও চিন্তাচেতনায় বিভক্ত দুই দেশের জনগণ। ইউরো সংকটের আগে ২০০৭ সালে ৬২ শতাংশ ফরাসি এবং ৬৮ শতাংশ জার্মান নাগরিক ইইউয়ের পক্ষে কথা বলেন। ২০১৩ সালে এসে মাত্র ৪১ শতাংশ ফরাসি ও ৬০ শতাংশ জার্মান ইইউয়ের ব্যাপারে নিজেদের উচ্চাশা প্রকাশ করেন। গবেষণায় আরো দেখা গেছে, মাত্র ছয় বছরে দুই দেশের মতপার্থক্য ছয় পয়েন্ট থেকে বেড়ে ঊনিশে ঠেকেছে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় ব্যাপারটি হলো ইইউ ইস্যুতে ব্রিটিশদের চেয়েও বেশি সংশয়বাদী ফরাসিরা। ২৬ শতাংশ ব্রিটিশ বিশ্বাস করেন ইউরোপের অর্থনৈতিক ঐক্য ব্রিটিশ অর্থনীতিকে শক্তিশালী করেছে। তবে ইইউয়ের পক্ষে কথা বলেছেন ৪৩ শতাংশ ব্রিটিশ। ফ্রান্সের মতো গ্রিস ও ইতালিতেও দুই-তৃতীয়াংশের বেশি মানুষ অখণ্ড অর্থনীতি দেশের জন্য মন্দ বলে বিশ্বাস করেন। আর স্পেন ও গ্রিসের অর্ধেকের বেশি মানুষ এখন ইইউয়ের বিরুদ্ধে। মোটামুটিভাবে, দশজন ফরাসির নয়জনই বলছেন তাদের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে। একই উপাত্ত উঠে এসেছে স্পেন, ইতালি ও গ্রিসের ক্ষেত্রেও। এই চারটি দেশের দুই-তৃতীয়াংশ বা তার চেয়েও বেশি মানুষ বিশ্বাস করেন তাদের নির্বাচিত নেতারা অর্থনৈতিক সংকট মোকাবিলার কাজ যথোপযুক্তভাবে করতে পারেননি।
যাই হোক, এ সব তথ্য-উপাত্ত নির্দেশ করে যে, স্পেন ও ইতালির তুলনায় ২০০৭ সাল থেকে ফরাসিদের মনোভাব পরিবর্তিত হয়েছে নাটকীয়ভাবে। ফ্রান্সে প্রতি পাঁচজনের একজন বলছেন, অতীতে কোন কোন সময় তারা স্বাস্থ্য সেবা নিতে ও খাবার বা জামা-কাপড় কেনার সামর্থ্য হারিয়েছেন। আর মাত্র ১১ শতাংশ ফরাসি মনে করেন, তাদের অর্থনীতি আগামী ১২ মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে। জরিপ চালানো আটটি দেশের মধ্যে সবচেয়ে বিষণ্ন পূর্বাভাস দেয়া যেতে পারে ফ্রান্সের ব্যাপারে।
বর্তমান প্রজন্মের জন্য ইউরোপীয় ইউনিয়নের কলেবর বৃদ্ধি করতে ও তাকে বলিষ্ঠ করতে ফরাসি-জার্মানি জোট চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। তা সত্বেও কোন কোন বিশ্লেষক মনে করেন, প্যারিস ও বার্লিনের যৌথ ও শক্তিশালী নেতৃত্ব ছাড়াও রাজনৈতিক সংহতি বা আরো ব্যাপক অর্থনৈতিক সমন্বয় সম্ভব।