জিইএমএস গবেষণা

চারটি ভাইরাস ডায়রিয়ার সংক্রমণ বাড়ায়

বিশ্বে নিউমোনিয়ার পর দ্বিতীয় শিশু ঘাতক ডায়রিয়া ও আমাশয় চিকিত্সায় এর প্রধান জীবাণু রোটাভাইরাস ছাড়াও অন্য তিনটি জীবাণু শিজেলা, ক্রিপ্টেসপোরিডিয়াম ও এসটি-ইটেক নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। এই জীবাণুগুলোতে যে ভাইরাস আছে সেগুলোই ডায়রিয়ার সংক্রমণ বহুগুণ বাড়ায়। তাই দু’বছরের নিচে প্রতি ৫ জনে একটি শিশু মডারেট টু সার্ভ রোগে (এমএসপি) ভোগে। এটি শিশুর মৃত্যুর হার প্রায় ৮ দশমিক ৫ গুণ বাড়িয়ে দেয় যা স্বাভাবিকের চেয়ে বেশি। এই চার জীবাণু শিশুর শরীরে দু’মাসের বেশি থাকলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে। বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের দাতব্য প্রতিষ্ঠান বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত গ্লোবাল এন্ট্রিক মাল্টিসেন্টার স্টাডি (জিইএমএস) নামে পরিচালিত গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। বিশ্বব্যাপী চিকিত্সকদের স্বনামধন্য জার্নাল ল্যানচেটে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। আর বিশ্বব্যাপী গবেষণায় পাওয়া তথ্য প্রকাশে কাজ করছে গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজিস। গবেষণায় দেখা যায়, কেবল চারটি ভাইরাস লক্ষ্য করতে পারলেই বেশিরভাগ এমএসডি (মাঝারি পর্যায়ের ঘাতক রোগ) থেকে রক্ষা পাওয়া যাবে। শিজেলা ভাইরাস অতি দ্রুত বাচ্চা এমনকি বড় শিশুদের ভেতরে প্রবেশ করে এবং রোগের বাসা বেঁধে সংক্রমণ বাড়ায়। সমীক্ষায় দেখা যায়, ডায়রিয়া আর আমাশয়ের জীবাণু বহনকারী শিশুদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সম্ভাবনা বেশি। এই রোগ আক্রান্ত হওয়ার দু’মাস পর অন্য স্বাভাবিক শিশুর তুলনায় উচ্চতায় কম বৃদ্ধি পায় এবং পরের দু’মাসে হঠাত্ করে তাদের মৃত্যুর সম্ভাবনা ৮ দশমিক ৫ ভাগ বেড়ে যায় যা শিশু মৃত্যুরোধে এক মারাত্মক হুমকি। গবেষণায় পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ৬১ ভাগ মৃত্যু ঘটে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যে। আর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মৃত্যু ঘটে শতকরা ৫৬ ভাগের। জিইএমএস গবেষণা দেখিয়েছে, রোটাভাইরাসের জীবাণু প্রতিরোধে টিকার সমপ্রসারণ হচ্ছে। এটি হাজার হাজার শিশুর জীবন বাঁচাতে সাহায্য করবে। একইভাবে শিজেলা ক্রিপটেসপোরিডিয়ামের জীবাণু নিয়েও গবেষণা করা প্রয়োজন। আগে এই জীবাণুকে ডায়রিয়ার জন্য তেমন ক্ষতিকর মনে করা হতো না। কিন্তু বর্তমান গবেষণায় এই জীবাণুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন গবেষকরা। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এবং আফ্রিকার মালি, গাম্বিয়া, কেনিয়া ও মোজাম্বিকের সাড়ে ২২ হাজারের বেশি শিশুর ওপর গবেষণা চালানো হয়। গত তিন বছর ধরে শূন্য থেকে ১১ মাস বয়সী, ১২ থেকে ২৩ মাস বয়সী এবং ২৪ থেকে ৫৯ মাস বয়সী শিশুর ওপর গবেষণা কার্যক্রম চালান গবেষকরা। এই গবেষণাটি উন্নয়নশীল দেশে পরিচালিত সবচেয়ে ব্যয়বহুল এবং বড় আকারের। সমীক্ষাটির খুঁটিনাটি পরীক্ষায় সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন ডেভেলপমেন্ট। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এন্টেরিক এন্ড ডিহাইড্রিয়াল ডিজিজেস দলের উপ-পরিচালক টমাস ব্রিউয়ার বলেন, ডায়রিয়া এবং আমাশয় চিকিত্সায় বর্তমানে প্রাপ্ত টিকা হাজার হাজার শিশুর জীবন বাঁচালেও গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী কাজ করতে পারলে আরো বেশি শিশুর প্রাণ বাঁচাতে সক্ষমতা লাভ করা যাবে। বাংলাদেশে এই গবেষণা পরিচালনা করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিস রিসার্স বাংলাদেশ (আইসিডিডিআরবি)। টাঙ্গাইলের মির্জাপুরের শিশুদের ওপর চালানো গবেষণার নেতৃত্বদানকারী আবু ফারুকের মতে, গবেষণায় পাওয়া তথ্য হয়তো সমালোচনার জন্ম দেবে। তবে এটি যে একটি কার্যকরী গবেষণা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), নিউমোনিয়া ও এন্ট্রিক রক্ষা এবং নিয়ন্ত্রণ সংস্থা (জিএপিপিডি)-এর ঘোষণা অনুসরণ করে এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের ইন্টিগ্রেটেড গ্লোবাল এ্যাকশন প্লান-এর আওতায় গবেষণা পরিচালিত হয়েছে।