যুক্তরাষ্ট্রে জরিপ

টিভিতে আসেন এমন চিকিত্সকই বেশি বিশ্বস্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং কেন বিশ্বাস করে তা জানতে একটি নির্বাচনের আয়োজন করে রিডার্স ডাইজেস্ট। মার্কিনীদের বিশ্বাসের সহজাত প্রবৃত্তি কিভাবে সংস্কৃতির আকার দেয় তা নির্ধারণে দেশটির ১৫টি প্রভাবশালী পেশার মানুষের মধ্যে যারা প্রায়ই সংবাদ শিরোনাম হন এবং যাদের মতামত আমেরিকানরা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এমন ২০০ মানুষের একটি তালিকা করে ম্যাগাজিনটি। আমেরিকার সব রাজ্য থেকে এক হাজার পূর্ণবয়স্ক মানুষকে নির্বাচন করে জানতে চাওয়া কাকে তারা বেশি বিশ্বাস করেন। এরপর সবচেয়ে বেশি বিশ্বস্ত ২০০ মানুষের একটি তালিকা করা হয়। নির্বাচনের ফলে বেরিয়ে এসেছে বেশ কিছু মজার তথ্য— ১. বিখ্যাত মানুষের চেয়েও চেনাজানা মানুষকেই বেশি বিশ্বাস করে আমেরিকানরা:নির্বাচনে দেখা গেছে আমেরিকানরা সবচেয়ে বেশি বিশ্বাস করে নিজের চিকিত্সককে (৭৭%)। এরপরে রয়েছে নিজেদের আধ্যাত্মিক গুরু (৭১ %) ও নিজের সন্তানের বর্তমান শিক্ষককে (৬৬%)। তবে তালিকার এই প্রথম তিনজনকে বাদ দিয়ে সবচেয়ে বেশি বিশ্বস্ত মানুষ হয়েছেন অভিনেতা টম হ্যাঙ্কস। ২. চিকিত্সকদের মধ্যে যাকে টিভিতে দেখানো হয় তারাই বেশি বিশ্বস্ত:১৫টি পেশার মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হচ্ছেন চিকিত্সকরা। আবার ওই চিকিত্সকদের মধ্যে যাদের টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে দেখানো হয় তাদেরকেই বেশি বিশ্বাস করেন মার্কিনীরা। এমনকি যেসব চিকিত্সকের বাজারে সর্বাধিক বিক্রিত বইও আছে কিন্তু তাদেরকে টিভিতে দেখা যায় না এ ধরনের চিকিত্সকের উপর মার্কিনীদের বিশ্বাস নেই। ৩. টেলিভিশনের বিচারকরা সুপ্রিম কোর্টের বিচারকদের চেয়েও বেশি বিশ্বাসী:স্পষ্টভাষী বিচারক জুডি রয়েছেন তালিকার সব বিচারকদের শীর্ষে। বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতিকেও পেছনে ফেলে দিয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫১ শতাংশ। তার বুদ্ধিদীপ্ত সপ্রতিভ টিভি প্রোগ্রাম উপস্থাপনা তাকে ঠাঁই দিয়েছে সব বিচারকদের শীর্ষে। এ প্রসঙ্গে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও জনসংস্কৃতি বিভাগের ব্লেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রবার্ট ফাউন্ডেশন বলেন, যদি আমি জুডিকে ভোট দিই, তাহলে তাকে আমি প্রতিদিন একঘন্টা করে টিভিতে দেখতে পাবো। তিনি বলেন, বিচারপতি দূরে থাক প্রেসিডেন্টকেও আগ্রহ করে এতক্ষণ টিভিতে দেখি না। ৪. টুইটারে অনুসারী থাকা মানে বিশ্বাসী নন:এমন নয় যে, টুইটারে নিয়মিত টুইট করলেই ওই ব্যক্তির প্রতি মানুষ বিশ্বস্ত হবেন। নির্বাচনে দেখা গেছে টুইটারে নির্দিষ্ট অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তিও মার্কিনীদের কাছে বেশি বিশ্বাসযোগ্য। অ্যাস্টন কুচারের টুইটারে অনুসারীর সংখ্যা ১৩ মিলিয়ন। আর লেডি গাগার অনুসারী রয়েছে ৩৪ মিলিয়ন। কিন্তু তারা ভোটে ২০০ জনের তালিকার রয়েছেন নিচের দিকে। অথচ অভিনেত্রী সান্ড্রা বুলকের টুইটারে নিজস্ব অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও তিনি বিশ্বস্ততার তালিকায় রয়েছেন দ্বিতীয়। ৫. গুরুগম্ভীর বোদ্ধাদের চেয়ে হাস্যোজ্জ্বলরা বেশি প্রিয়:হাসিখুশি বোদ্ধা যিনি মানুষের সঙ্গে সহজ হতে পারেন এমন মানুষই বেশি পছন্দ মার্কিনীদের। অর্থাত্ যিনি মানুষকে হাসাতে পারেন তাকেই বেশি পছন্দ করে মানুষ। ৬. কিংবদন্তীতুল্য চলচ্চিত্র তারকরা বেশি বিশ্বাসযোগ্য:শিল্পী ও চলচ্চিত্রের চরিত্রের বাইরেও যারা জানেন কখন সংবাদপত্রের শিরোনামের বাইরে থাকতে হয়, তারাই বেশি বিশ্বাসযোগ্য। এক্ষেত্রে ভালো মানুষ হিসেবে ৬৫ শতাংশ ভোট পেয়ে শীর্ষে আছেন অভিনেতা টম হ্যাঙ্কস। দ্বিতীয় হওয়া অভিনেত্রী সান্ড্রা বুলক তার মানবীয় সৌন্দর্য দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তার প্রতারক স্বামীকে সামলেছেন এবং একটি সন্তান দত্তক নিয়েছেন। এ গুণের কারণে মার্কিনীরা তাকে বিশ্বস্ত মনে করেন। পেয়েছেন ৬৩ শতাংশ ভোট। হয়েছেন আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত নারী। কিংবদন্তী অভিনেতা ডেঞ্জেল ওয়াশিংটন (৬২%), অভিনেত্রী মেরিল স্ট্রিপ (৬১%) এবং অভিনেত্রী জুলিয়া রবার্টসের (৫৭%) মতো মুভি তারকরা অন্য পেশার মানুষের মধ্যে বেশি ভোট পেয়েছেন। ৭. সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকরা সবচেয়ে বেশি বিশ্বস্ত নন:বিশ্বস্তের তালিকায় অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট পেয়েছেন সবচেয়ে কম (২৪%) ভোট । যদিও ফোর্বস ম্যাগাজিনের মতে, ২০১২ সালে তিনি হয়েছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। ক্রিনশ কমিউনেকেশনের সিইও এবং ক্রিয়েটিভ ডিরেক্টর ডরোথী ক্রিনশ’র মতে, ক্রিস্টেন এর আগে কয়েকবার বিশ্বাসঘাতকতা করেছেন। টমক্রুজ হলেন আরেক সেলিব্রিটি তারকা যিনি ভোটারদের কাছে বিশ্বস্ত নয়। পেয়েছেন ২৭% ভোট। অথচ হলিউডের অভিনেতাদের মধ্যে তার বক্স অফিসে ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি ছবির জন্য তিনি ৭৫ মিলিয়ন পারিশ্রমিক নেন। বিশেষজ্ঞরা বলেন, সিনটোলজি চার্চের সঙ্গে সম্পৃক্ততা ও এ সম্পর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাওয়ায় তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ৮. পরোপকারী মানুষদের ব্যাপারে কোন সন্দেহ নেই: চিকিত্সক, শিক্ষাবিদ ও মানুষের কল্যাণে কাজ করে এমন পেশাগুলো আমেরিকানদের কাছে সবচেয়ে বিশ্বস্ত পেশা। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস শিক্ষা ও স্বাস্থ্যখাতে অসহায় মানুষদের সহযোগিতায় বিল এবং মেলিন্ডা গেটস ফউন্ডেশনে ৩৬.৪ মিলিয়ন ডলার দান করেছেন। বিশ্বস্ত মানুষদের তালিকায় প্রথম ১০ জনে আছেন তিনি। শিশুদের স্থূলতা দূরীকরণে ও সামরিক বাহিনীর সদস্যদের পরিবারে পরামর্শমূলক কর্মসূচিতে অংশ নেয়ায় ৫৩ শতাংশ ভোট পেয়েছেন মিশেল ওবামা। ৯. ভুল শোধরানো ব্যক্তিদের পাশে: যারা ভুল স্বীকার করে নিজেকে শোধরানোর চেষ্টা করে তাদের পক্ষে মার্কিনীরা। ১০. সততার গুরুত্ব অনেক: সত্ মানুষদের প্রতি বেশি বিশ্বস্ত আমেরিকানরা। ১১. ইউনিয়ন করলেই জনপ্রিয়তা বাড়ে না: যদিও শিক্ষাবিদরা বিশ্বস্ত তার মানে এই নয় শিক্ষক নেতাদের প্রতি বিশ্বস্ত মার্কিনীরা। রন্ডি ওয়েগ্রেটেন যিনি আমেরিকান ফেডারেশন অব টিচার্সের প্রেসিডেন্ট ও কারেন লিউয়িস যিনি ২০১২ সালে শিকাগোর শিক্ষকদের ধর্মঘট থামাতে সহযোগিতা করেছেন, এই দু’জন ছিলেন বিশ্বস্তদের তালিকার খুব নিচে। ১২. রাজনীতিবিদদের মধ্যে বিশ্বস্ততা: তালিকার উপরের দিকে আছেন কলিন পাওয়েল ও হিলারি ক্লিনটন ও বারাক ওবামা। সারাহ পলিন ও জো বাইডেন রয়েছেন তালিকার নিচের দিকে। ১৩. কৌতুকপ্রিয় মানুষ যদি হতেন শাসক: কৌতুকপ্রিয় মানুষকে ক্ষমতায় দেখতে চান মার্কিনীরা। ১৪. ভিন্ন ধরনের ব্যবসা পছন্দ: অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমাজনের সিইও জেফ বেজোস আমেরিকার ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবসায়ী হয়েছেন। গুগল ও অ্যাপলের সিইওকে পেছনে ফেলে দিয়েছেন তিনি।