আমরাজুড়ী ফেরিঘাটে ডুবে যাওয়া পন্টুন উদ্ধার কাজ শুরু করেছে হামজা

দৈনিক ইত্তেফাকে গতকাল রবিবার কাউখালী আমরাজুড়ী ফেরিঘাটের পন্টুন সম্পর্কিত সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়েছে। ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া আমরাজুড়ী ফেরিঘাটের পন্টুনটি উদ্ধার কাজ গতকাল সকাল থেকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ শুরু করেছে। পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ী ফেরি উত্তরপাড়ে (আশোয়া) ঘাটের পন্টুনটি ঘূর্ণিঝড় মহাসেনের কারণে গত বৃহস্পতিবার ডুবে যায়। এ কারণে গত ৪ দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে হাজার হাজার যাত্রীদের দুর্ভোগের খবর ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়। এদিকে তিনদিন পর্যন্ত বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কিছুই করতে পারছিলেন না বলে জানা যায়। সরেজমিনে গতকাল দেখা যায়, ‘হামজা’ উদ্ধার কাজ শুরু করেছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামাল ও বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল হক ঘটনাস্থলে উদ্ধার কাজ তদারকি করছেন। নির্বাহী প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামাল জানান, পন্টুনটি ডুবে যাওয়ার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে গিয়ে কাজ শুরু করতে দেরি হয়েছে। ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল হক বলেন, যেহেতু পন্টুনটিকে বাধার জন্য রেলিং বা অন্য কোন ব্যবস্থা না থাকায় স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধার করা সম্ভব হয়নি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে হামজা আনার ব্যবস্থা করা হয়েছে। এক প্রশ্নর জবাবে তিনি বলেন, কাজের তুলনায় লোকবল কম। ১৩টি ফেরিঘাটের কাজে ১ জন মেকানিক, ১ জন ইলেকট্রিশিয়ান থাকায় দ্রুত গতিতে কাজ করার কোন সুযোগ নেই। এ ঘাটের দুরবস্থার কথা কর্তৃপক্ষকে জানানোর পর একটি বড় ফেরির ব্যবস্থা হয়েছে। তবে ইঞ্জিনের কন্ডিশনতো বলা যায় না। ভবিষ্যতে ঘাটটি সচল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে স্থানীয় লোকজনকে তিনি আস্বস্ত করেন। ফেরিটি উত্তোলনসহ প্রয়োজনীয় মেরামত করে ঘাট চালু করতে আজ সোমবার দিন চলে যাবে বলে তারা জানান।