জ্বালানি তেল আমদানিতে ঘাটে ঘাটে দুর্নীতি

জ্বালানি তেল আমদানিতে চলছে ঘাটে ঘাটে দুর্নীতি। বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে অনেকগুলো ধাপ পার করতে হয়। এই ধাপের প্রায় প্রত্যেক পর্যায়ে দুর্নীতি হয়। বিদেশি প্রতিষ্ঠানের সাথে প্রথম চুক্তি করা থেকে শুরু করে গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত। এতে বিপিসির প্রতিবছর শত কোটি টাকা লোকসান দিতে হয়। তেল আমদানি করতে ধাপগুলোর মধ্যে রয়েছে- বিদেশি জাহাজ ঠিক করা, জাহাজ ভাড়া ঠিক করা, সময় নির্ধারণ, তেল ভর্তি জাহাজ বাংলাদেশের বন্দরে আসা, তেল পরিবহন করে জেটিতে নেয়া, জেটি থেকে ডিপোতে নেয়া, ডিপো থেকে সরবরাহ কোম্পানিকে দেয়া আর সরবরাহ কোম্পানির মাধ্যমে পাম্পে পৌঁছানো। পাম্প থেকে সাধারণ গ্রাহকের কাছে সরাসরি তেল বিক্রি। এই প্রতিটি ধাপেই দুর্নীতি হয়। প্রথম দিকের দুর্নীতির কারণে লোকসানে পড়ে সরকার। আর একেবারে শেষে এসে যেটা হয় তার কারণে সমস্যায় পড়ে সাধারণ গ্রাহক। সম্প্রতি জ্বালানি তেল আমদানি বিষয়ে সরকারি নিরীক্ষা বিভাগের করা তদন্তে এই দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে। একই সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরাও এধরনের দুর্নীতির কথা স্বীকার করেছেন। নিরীক্ষা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেল আমদানি করতে প্রতিটি পর্যায়েই পরিমাণ কম হচ্ছে। যে পরিমাণ তেল আমদানির জন্য চুক্তি করা হচ্ছে জাহাজ থেকে তার থেকে কম তেল পাওয়া যাচ্ছে। আবার জাহাজ থেকে ছোট জাহাজে করে ডিপোতে আসতে আসতে সে তেল আরো কমে যাচ্ছে। কমে যাচ্ছে ডিপো থেকে কোম্পানিকে সরবরাহ দেয়ার মধ্যেও। জ্বালানি তেল পরিবহনে উবে যাওয়া বা ইভাপ্ররেশন লোকসান আছে। সেটা বাদেই এই কমে যাওয়ার হিসাব পাওয়া গেছে। প্রতিবছর এজন্য সরকারের শত শত কোটি টাকা লোকসান হচ্ছে বলেও নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে। নিরীক্ষা বিভাগ ২০০৫ থেকে ২০১০ সাল এই পাঁচ বছরে তেল আমদানি করতে গিয়ে পাঁটটি বড় দুর্নীতি হয়েছে বলে আপত্তি তুলেছে। একই নিরীক্ষায় মোট ২০টি আপত্তি তুলেছে নিরীক্ষা বিভাগ। এবিষয়ে জ্বালানি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিভাগীয় প্রাথমিক তদন্ত শেষে নিরীক্ষা বিভাগের আপত্তির জবাব দেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির সাবেক এক চেয়ারম্যান বলেন, এসব দুর্নীতি দীর্ঘদিন হয়ে আসছে। নীতি নির্ধারণী পর্যায় থেকে নির্দেশের কারণে অনেক সময় চুক্তি করতে হয়। ঋণদাতা সংস্থার ইচ্ছার কারণেও লোকসান হয়ে যায়। তাদের মতের বিরুদ্ধে গিয়ে করলে ঋণ না দেয়ার হুমকি দিয়ে থাকে। ফলে শুধু বিপিসির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকে না। অনেক কারণেই এবিষয়গুলো হয়ে আসছে। আমদানি করা তেল পরিমাপের ক্ষেত্রে স্বয়ংক্রিয় বা অটো গেজিং পদ্ধতি না করে সনাতনী বা ম্যানুয়াল সিস্টেমে করা হয়। এতে শুধু বাঘাবাড়ি ডিপোতেই তিন বছরে ক্ষতি হয়েছে পাঁচ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৬০৩ টাকা বা সমপরিমাণ ডলার। বন্দরের সমস্যার কারণে বড় জাহাজ থেকে ছোট ছোট জাহাজে করে চট্টগ্রাম ডিপোতে তেল আনা হয়। এই তেল আনতে অনেক তেল অপচয় হয় বলে বলা হয়। ২০০৫-২০১০ সময়ে এই অপচয়ে ক্ষতি হয়েছে ৭৯৯ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৫৭ টাকা। আমদানি করা তেল সংরক্ষণ করতে গিয়ে তেলের অপচয় হয়। তেল শেষ হওয়ার এক মাস আগেই তেলের জন্য নতুন করে অর্ডার দিতে হয়। এক জাহাজ জেটিতে আসার পর ওই জাহাজের তেল খালাস না হওয়ার আগ পর্যন্ত অন্য জাহাজের তেল খালাস করা যায় না। এতে করে জাহাজ বসে থাকার ভাড়া দিতে হয়। মজুদ সুবিধার চেয়ে বেশি তেল আমদানি করায় পাঁচ বছরে প্রায় সাত কোটি টাকা ক্ষতি হয়েছে। সময়োপযোগী চুক্তি না করার কারণেও লোকসান দিতে হয়। সরাসরি বিদেশ থেকে তেল আনার চুক্তি করায় (বিল অব লিডিং - বিএল) পাঁচ বছরে ক্ষতি হয়েছে ১৩ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ১৯৪ টাকা। জাহাজের ধারণ ক্ষমতা অনুযায়ী জাহাজের ভাড়া নির্ধারিত থাকে। যদি তেল পরিবহনের ক্ষেত্রে কম-বেশি হয় তাও জাহাজের মালিককে ওই নির্ধারিত ভাড়াই দিতে হয়। একে ভেসেল এক্সপেন্স ফেক্টর (ভিইএফ) বলা হয়। বড় জাহাজের জন্য ভাড়া বেশি। আর ছোটর জন্য কম। অনেক সময় বড় জাহাজে করে কম তেল আমদানি করা হয়। এতে করে প্রতিবছর কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। ডলার দিয়ে জ্বালানি তেল কিনতে হয়। এ ক্ষেত্রে ডলার মান নিয়েও আর্থিক আপত্তি দেখা যায়।