প্রশাসনে নয় বছরে সাড়ে ৩ হাজার ওএসডি

গত নয় বছরে বিভিন্ন সময়ে জনপ্রশাসনে তিন হাজার ৬০৫ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার অন স্পেশাল ডিউটি, সংক্ষেপে ওএসডি) করা হয়েছে। ওএসডি করে বিশেষ দায়িত্ব দেয়ার বিধান থাকলেও বাস্তবে তাদের বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দেয়া হয়। আলোচ্য সময়ে তাদের পেছনে বেতন-ভাতা বাবদ সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৭ টাকা। এ তথ্য খোদ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। উত্থাপিত তথ্যে দেখা যায়, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওএসডি কর্মকর্তার সংখ্যা এক হাজার ৬১৬ জন। তাদের পেছনে সরকারের বেতন-ভাতা বাবদ ব্যয় হয় ৪৭ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৪৭০ টাকা। ১৯৮৬ সালের নভেম্বর মাসে সরকারের জারি করা বিধান অনুযায়ী পাঁচটি কারণে ওএসডি করা যায়। সেগুলো হচ্ছে—১. দুই মাসের অধিক ছুটি ভোগকারী বা প্রশিক্ষণের উদ্দেশ্যে কোনো কর্মকর্তাকে ওএসডি করা যায়, ২. পুরাতন পদ বা বৈদেশিক চাকরি থেকে অব্যাহতি বা বৈদেশিক প্রশিক্ষণ থেকে প্রত্যাগত এবং নতুন পদে যোগদানের জন্য অপেক্ষমাণ রয়েছেন এমন কর্মকর্তাকে, ৩. বৈদেশিক চাকরি বা প্রশিক্ষণের জন্য বিদেশি ভাষা শিক্ষার উদ্দেশ্যে অপেক্ষমাণ রয়েছেন এমন কর্মকর্তাকে, তবে এ ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস পর্যন্ত ওএসডি রাখা যাবে, ৪. দুর্নীতি, শৃংখলাজনিত কারণ, অসদাচরণ ও অযোগ্যতার জন্য প্রত্যাহার করা কর্মকর্তাকে ওএসডি করা যায়, তবে সর্বোচ্চ ১৫০ দিন বা পাঁচ মাস ওএসডি রাখা যাবে এবং ৫. প্রশাসনিক বা অনিবার্য কারণে কোনো কর্মকর্তাকে ওএসডি করা যায়। দেখা যাচ্ছে সুনির্দিষ্ট কারণে সুনির্দিষ্ট সময়ের জন্য ওএসডি করার সরকারি বিধান থাকলেও তা এখন রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। বছরের পর বছর সরকারি কর্মকর্তাদের ওএসডি করে বসিয়ে রাখা হচ্ছে। অথচ উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদে লোক নিয়োগ না দেয়ায় প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী শৃংখলা ও আপিল বিধি-১৯৮৫ অনুযায়ী কোনো কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ বা দুর্নীতির অভিযোগ থাকলে তাকে চাকরি থেকে বরখাস্ত করার বিধান রয়েছে কিন্তু ওএসডি করার সুযোগ নেই। সূত্রমতে, যেসব কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ নেই। শুধু ‘প্রশাসনিক বা অনিবার্যকারণের’ কথা বলে বছরের পর বছর শূন্য পদে নিয়োগ না দিয়ে ওএসডি করে রাখা হচ্ছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল রবিবার সরকারের দাখিল করা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে প্রথম দফায় ২০০৮ সাল থেকে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার ৯৮৯ জন কর্মকর্তাকে ওএসডি করা হয় বলে গত জানুয়ারি মাসে হাইকোর্টকে অবহিত করা হয়েছিলো। গতকাল ওই বেঞ্চে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওএসডি করা কর্মকর্তার সংখ্যা দাখিল করা হলো। আদালত আগামী ২৯ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ৪ জুন হাইকোর্ট বিগত ১০ বছরে জনপ্রশাসনে ওএসডি করা কর্মকর্তাদের তালিকা দাখিল করতে সরকারকে নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী গত জানুয়ারি মাসে প্রথম তালিকা দাখিল করার পর গতকাল দ্বিতীয় তালিকা দেয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৯ জন সচিব, ৮৮ জন অতিরিক্ত সচিব, ২৮০ জন যুগ্মসচিব, ৮৭৮ জন উপ-সচিব, ২৪৪ জন সিনিয়র সহকারী সচিব ও ১০৭ জন সহকারী সচিবকে ওএসডি করা হয়। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে ১৩ জন সচিব, ১৬৬ জন অতিরিক্ত সচিব, ৪৯০ জন যুগ্ম সচিব, ৭৯০ জন উপ-সচিব, ৪৬০ জন সিনিয়র সহকারী সচিব ও ৭০ জন সহকারী সচিব রয়েছেন। এদের পেছনে ব্যয় হয়েছে ১০৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার ৫৩৭ টাকা। তবে ওএসডির এই সংখ্যা বিভিন্ন সময়ে কমবেশি হয়ে থাকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার ইত্তেফাককে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ওএসডি করা হয় না। অনেক সময় পদের থেকে বেশি সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার কারণে অনেককে ওএসডি করতে হয়। অনেকের বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী অভিযোগ থাকে। সে কারণেও ওএসডি করার প্রয়োজন হয়। গত বছরের ৩১ মে ওএসডির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহ। প্রসঙ্গত ৯০ দশকের রাজনৈতিক পট-পরিবর্তনের পর দলীয় রাজনৈতিক বিবেচনা থেকে সরকারি কর্মকর্তাদের ওএসডি করার প্রবণতা লক্ষ্য করা যায়। যেসব কর্মকর্তাকে ক্ষমতাসীন পক্ষের বিবেচনা করা হয় না মূলত তাদেরকেই ওএসডি করা হয়।