আওয়ামী লীগ-বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী এখনো অনড়!

দলীয় প্রার্থিতার চূড়ান্ত অনুমতি নিয়ে বরিশালে ফেরা এবং প্রচার-প্রচারণার দিনক্ষণ পিছিয়ে দফায় দফায় ঢাকায় বৈঠক করেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এবায়দুল হক চাঁনকে মেয়র পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবে রাজি করা যায়নি। দলের সমর্থনবঞ্চিত ক্ষুব্ধ এবায়দুল হক চাঁন একাই নির্বাচনে লড়াই করার উদ্দেশ্যে গতকাল রবিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আজ সোমবার তিনি আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার জন্য প্রথমেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। তিনি ইত্তেফাককে বলেন, তিনি আজ তার মালিকানাধীন রয়েল রেস্তোরাঁয় মেয়র প্রার্থী হিসাবে সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীর কাছে তার নিজের অবস্থান তুলে ধরবেন। এর আগে ১৬ মে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় তিন প্রার্থীকে নিয়ে বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সেখানে সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালকে দলীয় সমর্থন দিয়ে বাকী দুইজন প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দেয়া হয়। নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয় সাবেক মেয়র এবং মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপিকে। বৈঠক শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহীন মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও এবায়দুল হক চাঁন বিদ্রোহ ঘোষণা করেন। তিনি দলীয় সমর্থন না পেলেও নির্বাচনে লড়ে যাওয়ার ঘোষণা দেন। এবায়দুল হক চাঁনসহ বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল যাতে একত্রে প্রচারণার জন্য ঢাকা থেকে বরিশাল ফিরে আসতে পারেন সে লক্ষ্যে দফায় দফায় বৈঠক হয়। প্রথমে রবিবার ‘ঐক্যবদ্ধ বিএনপির’ বরিশাল ফেরার কথা থাকলেও এবায়দুল হক চাঁনকে রাজি করাতে ব্যর্থ হয়ে বরিশাল ফেরার দিনক্ষণ পিছিয়ে সোমবার করা হয়। কিন্তু দলীয় নেতা-কর্মীদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে এবায়দুল হক চাঁন একাই গতকাল লঞ্চে উঠে বরিশালের উদ্দেশে রওয়ানা হন। এদিকে, বিএনপির মতই বিদ্রোহী প্রার্থীকে অনড় অবস্থান থেকে সরাতে পারছেন না আওয়ামী লীগ। মহাজোটের পক্ষ থেকে সদ্য বিদায়ী মেয়র নগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরণকে সমর্থন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রার্থী ঘোষণা দেয়ার পর সাবেক চীফ হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ গত সপ্তাহে বরিশালে এসে আনুষ্ঠানিক ঘোষণা জানিয়ে দেন। কিন্তু যুব লীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রার্থিতা থেকে সরে না দাঁড়িয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। মামুনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আবুল হাসানাত আব্দুল্লাহ জোর প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। শওকত হোসেন হিরণের প্রচারণায় আসা দলের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি শনিবার বরিশাল পৌঁছে মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্ত মামুন দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলতে রাজি হননি। তিনি মনে করেন ছাত্রলীগ আমল থেকে শুরু করে দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। দলের নেতা-কর্মীরা তাকেই ভোট দেবেন। এ ব্যাপারে শওকত হোসেন হিরণ বলেন - দলীয় নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করছেন আর আমি নির্বাচনের দায়িত্ব দিয়েছি নগরবাসীর উপর। আমি ৪ বছর ৭ মাসে যে উন্নয়ন করেছি তাতে নগরবাসী খুশী হলে আমাকে ভোট দিবেন। আর অযোগ্য হলে ভোট দিবেন না। আমি পরীক্ষা দিয়েছি। এখন রেজাল্টের দায়িত্ব এ মহানগরীর মানুষের। তারাই নির্ধারণ করবেন কে যোগ্য। বিএনপিসহ সকল প্রার্থীকে আমি যোগ্য বলে মনে করি। প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। নগরীর উন্নয়নে কাকে বেছে নিতে হবে তা নগরবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে।