প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২২:১২
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নোটিস সত্ত্বেও নগরীর বিভিন্ন দেয়াল ও অলিগলি থেকে প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও প্রচারপত্র সরানো হয়নি। এ জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল কমিশন। এ বিষয়ে নগরীতে মাইকিংও করা হয়। কিন্তু প্রার্থীরা সেগুলো অপসারণের পরিবর্তে উল্টো নতুন পোস্টার সাঁটিয়েছেন। এছাড়া প্রার্থী ও তাদের সমর্থকরা দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়, দোয়া প্রার্থনা করছেন, এমনকি মতবিনিময় সভার নামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী আচরণ বিধিতে এসব নিষিদ্ধ থাকলেও তার পরোয়া করছেন না কেউই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন আইন ২০০৯ অনুযায়ী মনোনয়ন দাখিলের সময় প্রার্থীরা কোন প্রকার মিছিল কিংবা শো-ডাউন করতে পারবেন না। একই সঙ্গে প্রার্থী ৫ জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিতে পারবেন না। অথচ হেভিওয়েট প্রার্থীরা বিপুল সমর্থক নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীর ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান ছাড়াও অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু রাসিক নির্বাচনে এখন পর্যন্ত কাউকে সতর্ক পর্যন্ত করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, মহানগরীর সর্বত্র প্রার্থীদের শুভেচ্ছা সম্বলিত পোস্টার রয়েছে। কেউ কেউ নিজের এবং দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিশাল ছবি দিয়ে রঙিন পোস্টার সাঁটিয়েছেন। আবার আটক প্রার্থীদের মুক্তির দাবি জানিয়েও নতুন পোস্টার সাঁটানো হয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনোনয়ন দাখিলের সময় তারা প্রার্থীদের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। তারপরও কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচন কমিশনের বিশেষ টিম শিগগিরই অভিযানে নামবে বলে তিনি জানান ।
তিন কেন্দ্রে ইভিএমে ভোট :রাসিক নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষে নির্বাচন কমিশন (ইসি) বিষয়টি চূড়ান্ত করেছে। এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, মহানগরীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ২০টি কক্ষে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। চারটি সিটি কর্পোরেশনের প্রত্যেকটির একটি করে ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান ।
সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবার কাউন্সিলর প্রার্থী :সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২০০৮ সালের রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা রেজাউন নবী দুদু এবার কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি যখন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তখন তত্কালীন মেয়র মিজানুর রহমান মিনু যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে তার ঘনিষ্ঠ সহচর, বিএনপি নেতা রেজাউন নবী দুদুকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান করেন। আর তখন তিনি ভারপ্রাপ্ত মেয়র পদে থেকেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি প্রায় ১৩ হাজার ভোট পান। কিন্তু আসন্ন রাসিক নির্বাচনে তিনি ওই ৯ নম্বর ওয়ার্ড থেকে আবার কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এর আগে তিনি দুই মেয়াদে একই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।