বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করবেন শমসের মবিন
হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট অফিস
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২২:১২
সিটি কর্পোরেশন নির্বাচন তফসিল ঘোষণার পর থেকেই সিলেটে ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গেছে। শুরু থেকেই প্রশ্ন ছিল, বদরউদ্দিন আহমদ কামরানের প্রতিদ্বন্দ্বী কে হবেন। এই প্রশ্নের জবাবে মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরীর নাম আগে চলে আসে। কিন্তু তার পাশাপাশি আরো কয়েকটি নাম উচ্চারিত হয়। তারা হলেন, বিএনপির মহানগর সমপাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি শামসুজ্জামান জামান। নাসিম হোসাইন এর মনোনয়ন বাতিল হলেও পরে আপিলে এর বৈধতা ঘোষিত হয়। অন্যদিকে মহানগর জামায়াতের মহানগরী আমির কারাবন্দী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও রয়েছেন মাঠে। এমনি অবস্থায় অনেকেই মনে করেন এবার বুঝি নির্বাচন জমে উঠবে বিএনপি শিবিরেই। কিন্তু দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আরিফুল হক চৌধুরীই বিএনপির একক প্রার্থী হতে যাচ্ছেন। সূত্র জানায়, সমপ্রতি দলের মহানগর শাখার ৫ নেতাকে ডেকে খালেদা জিয়া এমন নির্দেশনাই দিয়েছেন। যদিও বৈঠকে অংশগ্রহণকারী নেতারা এ বিষয়টি অস্বীকার করেছেন।
মেয়র পদে মনোনয়ন পেতে জোর চেষ্টায় রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামান। তিনিও বিভিন্ন ভাবে কেন্দ্রে চেষ্টা-তদবির চালাচ্ছেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক বলেন, সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। এ ব্যাপারে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি। সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতারা বলেছেন নির্বাচনের ব্যাপারে তারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ীই কাজ করবেন। এদিকে, সদ্য পদত্যাগী মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ইত্তেফাককে বলেন, সিলেটবাসীর দোয়া আর মহান আল্লাহর ইচ্ছায় জনগণের খেদমতেই আছি।