জিয়ার মৃত্যুবার্ষিকীতে ১৪ দিনের কর্মসূচি বিএনপির

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৯ জুন পর্যন্ত ১৪ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বিএনপি। নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রবিবার জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক যৌথ সভায় কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু। সভার দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে:মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোষ্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ। সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ। ২৯ মে বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা। ৩০ মে মৃত্যুবার্ষিকীর দিনে ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সেদিন সকালে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জাতীয় নেতৃবৃন্দের মরহুম রাষ্ট্রপতির মাজারে পুষ্পমাল্য অর্পণ ও মাজার জিয়ারত। পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও ড্যাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল থেকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে ড্যাবের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান। ওইদিনই খালেদা জিয়া ঢাকা মহানগরী বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। ১ ও ২ জুন দুইদিনই খালেদা জিয়া ঢাকা মহানগরী বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে দুস্থ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করবেন। এছাড়াও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৭ মে কৃষক দল, ২৮ মে মত্স্যজীবী দল, ৩১ মে মহিলা দলের আলোচনা সভা, ৩ জুন ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা এবং ৪ জুন যুবদল, ৫ জুন সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ৬ জুন শ্রমিকদল, ৬ জুন মুক্তিযোদ্ধা দল, ৭ জুন তাঁতিদল, ৮ জুন স্বেচ্ছাসেবক দল ও ৯ জুন ওলামা দলের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। একইভাবে জেলা ও মহানগরীসহ সকল ইউনিটের কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।