শাপলা চত্বরে নিহতদের নামের তালিকা তৈরি হচ্ছে
শামীম হামিদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২২:১৬
হেফাজতে ইসলাম বাংলাদেশের কয়েকজন নেতা জানিয়েছেন, গত ৫ মে ঢাকা অবরোধের সময় শাপলা চত্বরে নিহতদের নামের তালিকা তৈরির কাজ এগিয়ে চলেছে। নিজেদের নাম প্রকাশ না করার শর্তে তারা দাবি করেন, ইতিমধ্যেই প্রায় ২০০ জনের নামের তালিকা পাওয়া গেছে। এরা সকলেই বিভিন্ন কওমী মাদরাসার ছাত্র।
এদিকে ১৩ দফা দাবি আদায়ের পরবর্তী কৌশল নির্ধারণ করতে সারা দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ওলামা-মাশায়েখ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম। আসন্ন শবে বরাতের পরপরই চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, ওলামা মাশায়েখ সম্মেলনের পর হেফাজত কর্মীরা ১৩ দফা দাবি আদায়ের জন্য নব উদ্যমে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। হেফাজত নেতারা আরো জানান, সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সংগঠনের নেতারা এখন বিভিন্ন জেলা উপজেলা সফর করছেন। সংগঠনের পক্ষ থেকে প্রচুর লিফলেট, হ্যান্ডবিল ও পোস্টার ছাপিয়ে সারা দেশে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
হেফাজতের সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহার গতকাল রবিবার ইত্তেফাককে বলেন, ‘৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর হেফাজতে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে বলে অনেকে ধরেই নিয়েছিলেন। কিন্তু আমাদের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই এগিয়ে চলছে। তবে আন্দোলনের স্বার্থেই আমরা কিছুটা কৌশলী হয়ে এগুতে চাই। এছাড়া হেফাজতের আন্দোলনের প্রাণশক্তি কওমী মাদরাসার শিক্ষার্থীরা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। সামনেই তাদের পরীক্ষা।’ তিনি বলেন, ‘মাঠের আন্দোলনে আমরা একেবারেই নেই তা ঠিক নয়। গত শুক্রবারও চট্টগ্রামে আমরা জুনাইদ বাবুনগরীসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ করেছি।’
শাহ আহমদ শফীর বিবৃতি
বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ও দিক-নির্দেশনা দিয়ে গতকাল রবিবার এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী। বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে কোন কোন মহল থেকে হেফাজতে ইসলামকে রাজনৈতিক ও সহিংস সংগঠন রূপে চিহ্নিত করার অপচেষ্টা চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি যে, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠালগ্ন থেকেই শান্তিপূর্ণ উপায়ে তার লক্ষ্য-উদ্দেশ্য ও নীতিকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। আমাদের সকল কর্মসূচিই শুধু ইসলাম ও মুসলিম স্বার্থসংশ্লিষ্ট, দেশাত্মবোধক, শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক। চলমান নাস্তিক বিরোধী প্রতিবাদ কর্মসূচি চলাকালীন সময়েও আমাদের শান্তিপূর্ণ অরাজনৈতিক অবস্থান সম্পর্কে জাতি পূর্ণ অবগত। সুতরাং এখানে কোন ধরনের অপপ্রচারের সুযোগ নেই।