শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২২:১৮
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি তার সৃজনশক্তি, উত্কর্ষ ও পরিশীলিতবোধ এবং শিল্পমনীষা দ্বারা এদেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের ছাপাই ছবির ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃত্ এক শিল্পী। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে বেঙ্গল ফাউন্ডেশন আজ সোমবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি-৪২, সড়ক-১৬, নতুন, ধানমন্ডি, ঢাকা) এক স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে আলোচনা করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক মইনুদ্দীন খালেদ। এছাড়াও আজ বেঙ্গল ফাউন্ডেশন ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরা’র যৌথ প্রকাশনা ‘গ্রেট মাস্টার অব বাংলাদেশ: সফিউদ্দীন আহমেদ’ শীর্ষক গ্রন্থ ২০% হ্রাসকৃত মূল্যে বিক্রয় হবে।