ঢাকায় সভা-সমাবেশ এক মাস নিষিদ্ধ

ঢাকা মহানগরীতে আগামী এক মাস কোনো রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি জানিয়েছেন, প্রয়োজনে অনির্দিষ্টকাল এই নিষেধাজ্ঞা বহাল রাখা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও একইদিন এক মাস সভা-সমাবেশ বন্ধ রাখার কথা জানান। তবে এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে দুই মন্ত্রী দুই রকম তথ্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই সিদ্ধান্ত। অন্যদিকে, স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় নির্বিঘ্নে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য এ সিদ্ধান্ত। সৈয়দ আশরাফ এ-ও বলেছেন, এটি শুধু বিরোধী দলের ওপর নয়, সরকারি দলের ওপরও কার্যকর হবে। গতকাল দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নতুন গঠিত জোরারগঞ্জ থানার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন ‘যারা সভা-সমাবেশের নামে ভাংচুর-জ্বালাও- পোড়াও করে, তাদের আগামী এক মাস সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত।’ তবে সারাদেশে, নাকি শুধু রাজধানীতে এই নিষেধাজ্ঞা -তা চট্টগ্রামে সাংবাদিকদের কাছে স্পষ্ট করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় ড. মহীউদ্দীন খান আলমগীর ইত্তেফাককে বলেন, ‘সারাদেশে নয়, আপাতত শুধু ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ। আইন-শৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক না হলে এই নিষেধাজ্ঞা প্রয়োজনে অনির্দিষ্টকাল বলবত্ থাকবে।’ হঠাত্ কি কারণে এই সিদ্ধান্ত-এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘সভা-সমাবেশের নামে দৃষ্কৃতকারীরা মানুষের জানমাল হুমকির মুখে ফেলেছে, যানবাহনে আগুন দিয়ে মানুষ মারা হচ্ছে, পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হচ্ছে, মানুষের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। সরকার দেশের মানুষের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। এই জানমাল রক্ষার্থেই সভা-সমাবেশ নিষিদ্ধ রাখা হবে।’ চট্টগ্রামেও স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশে বিভিন্ন সংগঠন গণতন্ত্র চর্চার সুযোগ নিয়ে সভা-সমাবেশের নামে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষের মালামাল লুট করে, তাদেরকে ঐ যুক্তিসংগত বিধি-নিষেধ সাপেক্ষে সমাবেশ করার অধিকার স্বীকার করা সত্ত্বেও এক মাস কোনো ধরনের সভা-সমাবেশ করতে দেয়া হবে না। শান্তিপূর্ণ সভা-সমাবেশের অনুমতি নিয়ে বিরোধী দল গাড়ি ভাংচুর ও জ্বালাও-পোড়াও করে। তাদের প্রতিহত করতে হবে। সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি গতকাল ইত্তেফাককে বলেন, সরকারের এই সিদ্ধান্তে আমি হতবাক। বাংলাদেশ সৃষ্টির পর কোনো গণতান্ত্রিক সরকারের আমলে কখনও এই ধরনের ‘হঠকারী’ সিদ্ধান্ত দেখিনি। এতেই প্রমাণ হয়, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী নয়। ব্যারিস্টার মওদুদ বলেন, এই ধরনের সিদ্ধান্ত বিরোধী দলের গণতান্ত্রিক সভা-সমাবেশ সহ্য করতে না পারার সরকারের ফ্যাসিবাদী মনোভাবেরই প্রতিফলন। আমি বলব, এটা সরকারের জন্য ভুল পথ। এর পরিণতি তাদের জন্যই বেশি ক্ষতিকর হবে। তাই আমরা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি করছি। মওদুদ আহমদের এই বক্তব্য সম্পর্কে মহীউদ্দীন খান আলমগীর ইত্তেফাককে বলেন, ‘তাতো হবেই, তাদের (বিরোধী দল) কাছে তো এটা অগণতান্ত্রিক। কারণ তারা গণতান্ত্রিক অধিকারের নামে মানুষ পুড়িয়ে মারে, যানবাহনে আগুন দেয়, মানুষের সম্পদ ধ্বংস করে, মসজিদে আক্রমণ করে, পবিত্র কোরআনের আগুন দেয়।’ ‘অতীতে কোনো গণতান্ত্রিক সরকারের আমলে এই ধরনের সিদ্ধান্ত নিতে দেখা যায়নি’, মওদুদ আহমদের এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো গণতান্ত্রিক দল মানুষের জানমালের জন্য হুমকি হতে পারে না, কিন্তু বিরোধী দল সেটাই করছে।’ এদিকে, গতকাল দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সবসময় সাংবিধানিক অধিকার বাস্তবায়ন হয় না, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে মৃত্যুর হার বেশি না হলেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার স্বাভাবিক পরিস্থিতি দরকার, এজন্য একমাস সভা-সমাবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী ইত্তেফাককে বলেন ‘উনি যেটা বলেছেন তাও সঠিক। আমার বক্তব্য, ওনার বক্তব্য দুটিরই ব্যাখ্যা হল-জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মহানগরীতে এক মাস সভা-সমাবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত জানানোর পরপরই গতকাল রাজধানীর মোহাম্মদপুরে পূর্বনির্ধারিত একটি সমাবেশ স্থগিত করে ১৪ দল। আদাবর ও শের-ই বাংলা নগর থানা ১৪ দলের উদ্যোগে গতকাল বিকালে ঐ সমাবেশ হওয়ার কথা ছিল মোহাম্মদপুরের টাউন হলে। বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন এরও আগে থেকে। বেলা সাড়ে ৩টার কিছু পরে সমাবেস্থলের মাইকে ঘোষণা দেয়া হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী এক মাস ঢাকা মহানগরীতে মিছিল ও সমাবেশে নিষেধাজ্ঞা দেয়ায় সমাবেশটি স্থগিত করা হল।’ সভা স্থগিতের ঘোষণার সময় মঞ্চে ১৪ দল ঢাকা মহানগরীর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান, জাতীয় মসজিদ ও কোরআন শরিফে অগ্নিসংযোগের প্রতিবাদে এই সমাবেশ হওয়ার কথা ছিল। স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক সাংবাদিকদের বলেন, ‘আজ (রবিবার) স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে সভা, সমাবেশ ও মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়ার কারণে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পূর্ব ঘোষিত এ কর্মসূচিটি স্থগিত করা হচ্ছে।’ জানা গেছে, মোহাম্মদপুর ছাড়াও আগামী ২১ মে পল্লবী, ২৪ মে কেরানীগঞ্জ ও ২৫ মে সূত্রাপুরেও সমাবেশ করার কথা রয়েছে ১৪ দলের। এ বিষয়ে মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা সরকারের কাছে অনুমতি চাইবো। অনুমোদন পেলে কর্মসূচিগুলো পুনরায় পালন করা হবে।’ এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঃ বি. চৌধুরী বিকল্পধারা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী সভা-সমাবেশের বিরুদ্ধে সরকারি নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সভা-সমাবেশ বন্ধ করার সরকারের আচমকা সিদ্ধান্তে আমি বিচলিত হয়েছি। সারা দেশের মানুষও জরুরি অবস্থা অথবা একদলীয় শাসনের আতঙ্কে রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে যে হঠাত্ সমুদ্র বন্যার প্রকোপ সৃষ্টি হয়েছে, অতীতে এর চেয়েও অনেক প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে এসেছে। আমরা সেসব দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবিলা করেছি। ঐসব দুর্যোগের সময় সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রয়োজন হয়নি। এতে পরিষ্কার বোঝা যায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। বি. চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো জায়গায় সরকারি সাহায্য নিয়ে দুর্নীতি হলে সভা-সমাবেশ না করতে পারলে ঐসব দুর্নীতির প্রতিবাদও করা যাবে না। যে রাঁধে, সে চুলও বাঁধে। সুতরাং সরকারি সাহায্যের অজুহাতে সভা-সমাবেশ বন্ধ করার কোনো যুক্তি নেই। ‘আগামী এক মাস কাউকে সমাবেশ করতে দেয়া হবে না’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। সেখানে কাউকে দেখলেই তাড়িয়ে দেয়া হচ্ছে। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগ মুক্তি কামনায় আয়োজিত মিলাদ-মাহফিল শেষে কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতা-কর্মীদের পুলিশ তাড়িয়ে দেয়। তারপর থেকে আর কাউকে সেখানে দাঁড়াতে দিচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ইত্তেফাককে বলেন, নেতা-কর্মী-সমর্থক কেউই নয়াপল্টনের কার্যালয়ে আসতে পারছেন না। পুলিশ বাধা দিচ্ছে। তিনি বলেন, ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। সভা-সমাবেশ-মিছিল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। হাজার হাজার নেতা-কর্মী জেলখানায়। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ’৭৫ সালে দেখেছি। বিএনপির অফিসের সামনে কাউকে দাঁড়াতে না দেয়া প্রসঙ্গে মতিঝিল থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের সরিয়ে দিচ্ছি। তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে- সে জন্যই এটা করা হচ্ছে।