আলোচনায় ঠিক হবে অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২২:২৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন। সংবিধানে যা আছে, সেটাই যদি স্থির থাকত, তাহলে তো আলোচনার প্রয়োজন হতো না। গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ১৫ মে দলের বর্ধিত সভা এবং ১৭ মে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরতেই এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সভা-সমাবেশের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মাসের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, সবসময় সাংবিধানিক অধিকার বাস্তবায়ন করা যায় না। প্রাকৃতিক দুর্যোগের সময় সবার ঐক্যবদ্ধ সহযোগিতার প্রয়োজন হয়। মহাসেনের প্রভাবে মৃত্যুর হার বেশি না হলেও সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একটি স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন। এজন্যই একমাস সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি কেবল বিরোধীদল নয়, সরকারি দলসহ সবার জন্যই প্রযোজ্য হবে।
সৈয়দ আশরাফ বলেন, দেশে আর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তথা ওয়ান ইলেভেন অর্থাত্ ২০০৭-২০০৮ এর পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। যেকোনো মূল্যে সংবিধান সমুন্নত রাখা হবে। বিশ্বব্যাপী পরীক্ষিত নির্বাচনকালীন সরকার ব্যবস্থাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের অপরিহার্য অনুকরণীয় পথ। সংবিধান সমুন্নত রেখে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে দেশের সব গণতান্ত্রিক দলের সহযোগিতা কামনা করেন তিনি। সংলাপের আহ্বান জানিয়ে বিরোধী দলকে আনুষ্ঠানিক চিঠি দেয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন, সংসদে এসে তাদের দাবি পেশ করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবের পর খালেদা জিয়া তা তুচ্ছ করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তাঁকে মনে রাখতে হবে, অগণতান্ত্রিক পথে সরকার উত্খাত করা যাবে না। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এজন্যই সংলাপের প্রস্তাব দেয়া হয়েছে।
হেফাজতে ইসলামের ৫ মে’র কর্মসূচি প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ডাকাতদের মত, প্রাচীনকালের চর দখলের মত দিন-তারিখ ঠিক করে সরকার উত্খাতের আল্টিমেটাম দেয়াটা কোনো সিরিয়াস রাজনীতি নয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসেন সাঈদীর সাফাই সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনালের সামনে থেকে অপহরণের অভিযোগ ও তাকে ভারতের কারাগারে পাওয়ার বিষয়ে তিনি বলেন, পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্ত বাহিনী তাকে আটক করে। পরে ভারত সরকার অবৈধ প্রবেশের কারণে তাকে জেলে প্রেরণ করে। সর্বস্তরের দলীয় সংগঠন ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অবিলম্বে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, সর্বস্তরের সংগঠনকে অতি দ্রুত সুদৃঢ় ভিত্তির উপর সুসংগঠিত করতে হবে। যেসব জেলা-উপজেলায় সম্মেলন অসমাপ্ত রয়েছে অবিলম্বে সেগুলোও শেষ করতে হবে। শিগগিরই দলের কেন্দ্রীয় নেতারা দেশব্যাপী সাংগঠনিক সফরে বের হবেন বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।