রংপুরের ৮ জেলায় আজ বিএনপির অর্ধদিবস হরতাল

বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু এমপি, এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ, যুবদল কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রংপুর বিভাগের ৮ জেলায় আজ সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। হরতালের সমর্থনে গতকাল রবিবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে কয়েকটি ব্যাংক-বীমা ও অফিসের সাইনবোর্ডে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।