বরিশাল সিটি নির্বাচন

উন্নয়নের স্বার্থে হিরনকে বিজয়ী করতে হবে :আমু

সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরনকে বরিশালের উন্নয়নের স্বার্থে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে বরিশাল অঞ্চল অবহেলিত। অবহেলিত এ অঞ্চলের একমাত্র বিভাগীয় শহর বরিশালকে হিরন তিলোতমা নগরীতে রূপ দিয়েছেন। তাই উন্নয়নের লক্ষ্যে হিরনকে বিজয়ী করতে হবে। শনিবার রাত ৯টায় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ-এর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ আনুষ্ঠানিকভাবে ১৪ দলের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনকে সমর্থন দিয়েছেন। কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব মাহাবুব উদ্দিন আহম্মেদ (বীর বিক্রম), সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বরিশাল প্রেস ক্লাব সভাপতি মানবেন্দ বটব্যাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, নজরুল ইসলাম চুন্নু, মিন্টু বসু প্রমুখ।