সাতক্ষীরায় হরতালে জামায়াত কর্মীরা ছিল মারমুখো
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২২:৩১
ধাওয়া-পাল্টা ধাওয়া, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে গতকাল রবিবার সাতক্ষীরায় জামায়াতের ডাকা আধা বেলা হরতাল পালিত হয়েছে। জেলা জামায়াতের কয়েকজন নেতাকে আটকের প্রতিবাদে ডাকা এ হরতালে জেলার সবক’টি সড়কে বেলা বারোটা পর্যন্ত যান চলাচল ছিল বন্ধ। পিকেটিংয়ের সময় হরতাল সমর্থকরা পুলিশের একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। সাতক্ষীরা যশোর মহাসড়কের অন্নের মোড় এলাকায় পুলিশী প্রহরায় যাওয়া দু’টি ট্রাক ভাংচুর করা হয়। ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোন ট্রাক ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে ভোর থেকে শহরে বিপুল সংখ্যক পুলিশ-বিজিবি মোতায়েন ছিল।