আসছে এমটিভি বাংলাদেশ

ঘটনাটি খুব বেশি দূরের নয়, যেদিন ‘এমটিভি বাংলাদেশ’ হিসেবেই শুধু বাংলা গানের প্রমোট করবে আন্তর্জাতিক বাজারে। এ দেশে প্রথম এমটিভিতে শাফিন আহমেদের গানসহ বেশ ক’জন রকস্টারের গান প্রচারের দায়িত্ব নিয়েছিলেন রাবেত খান। সেটি আজ থেকে এক যুগেরও আগের ঘটনা। তবে এবারে সেই পুরোনো স্বপ্নের বুননেই যেন একটু একটু করে এগোচ্ছেন তিনি। গত ১৬ মে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইনোভেশন, মিউজিক এবং এন্টারটেইনমেন্ট কোম্পানি ক্রেইন্স লিমিটেড ভায়াকম ইন্টারন্যাশনাল মিডিয়া নেটওয়ার্কস (ভিআইএমএন) এশিয়ার ব্র্যান্ড লাইসেন্স এবং প্রোগ্রাম লাইসেন্সের চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তি অনুসারে, ক্রেইন্স লিমিটেড এখন থেকে বাংলাদেশের বাজারের জন্য এমটিভি প্রোগ্রাম কনটেন্ট এবং এমটিভির প্রোগ্রামগুলোর লোকালাইজেশনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে ক্রেইন্স লিমিটেড বাংলাদেশে এমটিভি হিট, এমটিভির চার্ট অ্যাটাক ও মাই সেলেব এমটিভি বাংলায় স্থানীয়ভাবে প্রযোজনা ও পরিচালনা করবে। এই অনুষ্ঠানগুলো ছাড়াও ক্রেইন্স লিমিটেড খুব শিগগিরই এমটিভির আরও কিছু অনুষ্ঠান বাংলাদেশের জন্য নিয়ে আসবে। খুব শীঘ্রই ক্রেইন্স লিমিটেড বাংলাদেশে সর্বপ্রথম এমটিভি প্রোগ্রাম ফর্মেটের জন্য একটি ভিজে সার্চ ক্যাম্পেইনও শুরু করতে যাচ্ছে। ক্রেইন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাবেত খান বলেন, ‘এমটিভি এশিয়া’র সাথে আমাদের এই চুক্তি বাংলাদেশের সংগীত অঙ্গনের জন্য একটি নতুন এবং রোমাঞ্চকর পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস।’