আবারও আলোচনায় ঈশানা

‘লাক্স সুপারস্টার’খ্যাত এ সময়ের অন্যতম ব্যস্ত মডেল-অভিনেত্রী ঈশানা তার অভিনয় ক্যারিয়ারের মধ্যে শুধুমাত্র দেশ টিভিতে প্রচারিত ‘সাতকাহন’ নাটকটি দিয়েই আলোচিত হয়েছেন। এই নাটকের দ্বিপাবলী চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই ধারাবাহিকটি এখনও দেশ টিভিতে প্রচারিত হচ্ছে। তবে এই কাজের বাইরে দীর্ঘদিন ধরেই নতুন কোনো কাজের জন্য আলোচনা সৃষ্টি করতে পারেননি তিনি। আর এই গতিতে চলতে চলতে হঠাত্ করেই একটি বিজ্ঞাপনে কাজ করে এখন আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে ঈশানার নাম। গ্রামীণফোনের ‘রাজবাড়ি’ শিরোনামের এই বিজ্ঞাপনটিতে রাজকন্যার ভূমিকায় তার অভিনয়টি বেশ প্রশংসিত ও মানানসই হয়েছেও বটে। ঈশানা বলেন, ‘আসলে সবার সব কাজ আলোচিতও হয় না। আলোচনা বা প্রশংসার কাজ হাতে গোনাই হয়। আর গ্রামীণফোন বা এ ধরনের মোবাইল কোম্পানির বিজ্ঞাপন বরাবরই আলোচনা তৈরি করে। তাই এই কাজটি আমার ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখন।’