ব্যাংকিং খাতের প্রভাবে শেয়ারবাজারের সূচক বেড়েছে
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:০৪
ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর দাম বাড়ার প্রভাবে গতকাল সোমবার শেয়ারবাজারের সূচক বেড়েছে। দীর্ঘদিন পর ব্যাংকিং খাতের শেয়ারে ইতিবাচক প্রভাব বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ব্যাংকিং খাতের ২৯টি কোম্পানির সবগুলোরই দর বেড়েছে। এর প্রভাবে বাজারের সূচকও বেড়েছে। তবে সূচক বাড়লেও মোট লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজেটীয় প্রত্যাশা এবং প্রথম প্রান্তিকে কোম্পানির ইতিবাচক ফল হিসেবে কয়েকদিন ধরে শেয়ারবাজারের সূচক বাড়লেও গতকাল ব্যাংক খাত ছাড়া অন্য খাতগুলোর বেশিরভাগ কোম্পানির দর পতন হয়েছে। মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই এ কোম্পানিগুলোর দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭০ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের ১৬ দশমিক ৯ শতাংশ। লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে রয়েছে পোশাক খাত। এ খাতের কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ৬৬ কোটি ৩২ লাখ টাকা। যা মোট লেনদেনের ১৪ দশমিক ১০ ভাগ। এদিকে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাকিং খাতের কোম্পানিগুলো। এ কোম্পানিগুলোর দাম বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ। ব্যাংকিং খাতের প্রভাবে সূচক বাড়লেও বাজারের মোট লেনদেন কমেছে প্রায় ১২ দশমিক ৭৫ শতাংশ।
ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২০ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৪৫ লাখ ১৪ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৮ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
এদিকে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠকে ডিএসই ও সিএসই (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) সভাপতিকে থাকতে বলা হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকেও উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।