উত্তর কোরিয়ার কাছে অপহূত নৌকা ফেরত চেয়েছে চীন
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:২২
১৬ জন নাবিকসহ অপহূত নৌকা ফেরত দেয়ার জন্য উত্তর কোরিয়ার কাছে আহবান জানিয়েছে চীন। নৌকার মালিক ইউ জুয়েজুন দাবি করেছেন উত্তর কোরিয়ার অপহরণকারী দল মুক্তিপণের দাবিতে তার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছে।
ইউ জুয়েজুন জানান, মে মাসের ৫ তারিখ ১৬ জন নাবিকসহ তার মাছ ধরার নৌকাটি অপহরণ করার পর থেকে তারা প্রায় এক লাখ ডলার মুক্তিপণ দাবি করে আসছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নৌকাসহ জেলেদের ফেরত পেতে গত ১০ মে পিয়ংইয়ংয়ে চীনা কূটনীতিকরা উত্তর কোরিয়ার সাহায্য কামনা করেছে। পিয়ংইয়ংয়ে অবস্থিত চীনের দূতাবাসের উপদেষ্টা জিয়াং ইয়াজিয়ান বলেন, ঘটনার পর থেকে চীনা দূতাবাসের পক্ষ থেকে উত্তর কোরিয়া সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।