করাচিতে পুননির্বাচনে জয়ী ইমরানের দল
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:২২
পাকিস্তানের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বন্দরনগরী করাচির একটি আসনে পুনর্নির্বাচনে বিজয়ী হয়েছে ইমরানের খানের তেহরিক ইনসাফ পার্টি (পিটিআই)। নির্বাচনী সহিংসতা এবং ভোটে ব্যাপক কারচুপির অভিযোগের পর সেখানে এই পুনঃ ভোট অনুষ্ঠিত হয়।
পিটিআই নেত্রী জাহরা শহিদ হোসাইন নিহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনার মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হলো। করাচির আসনে জয়লাভের পর জাহরা শহিদের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন ইমরান। রবিবার নির্বাচন চলাকালে নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হন জাহরা শহিদ।
জাহরা শহিদের নিহতের ঘটনায় এমকিউএমকে দায়ী করেছেন তেহরিক নেতা ইমরান। তিনি জানান, এটি পুরোপুরি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, ‘এমকিউএম নেতা আলতাফ হোসেন এই হামলার জন্য দায়ী। তিনি প্রকাশ্যে জাহরাকে হত্যার হুমকি দিয়েছিলেন।’ তবে এমকিউএম এই অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, করাচির ১৯টি আসনের মধ্যে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) জয়ী হয়েছে ১৮টি আসনে। ১১ মে’র নির্বাচনের মাধ্যমে একটি প্রান্তিক দল থেকে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে পিটিআই।