কুসাইরে সেনাবাহিনীর অভিযানে বহু হতাহত
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:২২
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কুসাইরের নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী। বিদ্রোহীরা গত একসপ্তাহ ধরে শহরটি দখল করে রাখার চেষ্টা করছে। সেনাবাহিনীর সাথে লেবাননের হিজবুল্লাহ গেরিলারা যোগ দিয়েছে বলে জানা গেছে। অপরদিকে বিদ্রোহীদের সাহায্য করছে লেবাননের সুন্নি মিলিশিয়ারা। সেনাবাহিনী রবিবার লেবাননের নিকটবর্তী বিদ্রোহীনিয়ন্ত্রিত কুসাইর শহর পুনর্দখলে অভিযান শুরু করে। সকাল থেকে বিমান হামলা এবং ভারি অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান শুরু করে। এর আগে সিরীয় সেনারা আশেপাশের গ্রামগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং কুসাইর শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন অভিযানে নিহতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ওই ঘটনায় ৭০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ঐ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গেরিলারা সম্পৃক্ত ছিল। বিদ্রোহীরা দাবি করেছে, সরকারি অভিযানে সাড়ে চারশ’র বেশি মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন যোদ্ধা হলেও বেশিরভাগই বেসামরিক নাগরিক।
রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, সেনাবাহিনী কুসাইরের টাউন হলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। শহরটির চিকিত্সা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে বলে বিরোধীরা অভিযোগ করেছে। এদিকে ব্রিটিশ সাহায্য সংস্থা অক্সফাম বলছে, জর্ডান এবং লেবাননে সিরিয়ার শরণার্থীদের জন্য জরুরি সাহায্য প্রয়োজন। এদিকে, সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল ঐ হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের হামলা সিরিয়ায় রক্তপাত বন্ধে রাশিয়ার প্রস্তাবিত শান্তি সম্মেলনকে ‘অর্থহীন’ করে তুলতে পারে। আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় ওই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এই সম্মেলনের ব্যাপারে প্রেসিডেন্ট বাশার ও তাঁর বিরোধীরা উভয়েই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।