জামায়াতের প্রার্থিতা প্রত্যাহারে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছে বিএনপি!
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:৩৯
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদ নিয়ে স্থানীয় ১৮ দলীয় জোটে টানাপোড়েন অব্যাহত রয়েছে। জোটের দুই প্রধান শরীক বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ জামায়াতের মেয়র প্রার্থিতা প্রত্যাহারের চেষ্টা করছেন। কিন্তু জামায়াতের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ‘পাত্তাই দিচ্ছেন না’ বলে জানা গেছে। ফলে মেয়র পদে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহারে বিএনপি ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের দ্বারস্থ হচ্ছেন বলে দলীয় অসমর্থিত সূত্র জানিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের মেয়র প্রার্থিতা নিয়ে বেকায়দায় রয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। কারণ দলীয় দুই মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও সফিকুল হক মিলনের মধ্যে কেন্দ্রীয় কমিটির মধ্যস্থতায় সমঝোতা হলেও এখন পর্যন্ত ১৮ দলীয় জোটের শরিক জামায়াতের নেতৃবৃন্দকে স্থানীয়ভাবে ম্যানেজ করা যাচ্ছে না। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। কিন্তু জামায়াতের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির স্থানীয় দায়িত্বশীল নেতাদের বৈঠক পর্যন্ত হয়নি। ফলে বিএনপি নেতৃবৃন্দ শেষ পর্যন্ত আবারো ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছেন।
সূত্র জানায়, জামায়াত মেয়র প্রার্থী দিলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করবে এমন ধারণা ছিল স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের। কিন্তু রিটার্নিং অফিসার কর্তৃক ডা. জাহাঙ্গীরের মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপির নেতৃবৃন্দ অস্বস্তিতে পড়েন। বিভিন্নভাবে জামায়াতের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় যোগাযোগ শুরু হয়েছে। কিন্তু জামায়াত নেতৃবৃন্দ তাদের আশ্বস্ত করতে পারেননি। তবে মেয়র প্রার্থী ডা. মুহম্মদ জাহাঙ্গীর জামায়াতের নেতৃবৃন্দের প্রতি আস্থার কথা প্রকাশ করেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
এদিকে বিএনপি-জামায়াত জোটের সমর্থক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে শনিবার বিকালে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সমর্থনে গঠিত সম্মিলিত নাগরিক ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত থাকলেও জামায়াতের দায়িত্বশীল নেতাদের কেউ উপস্থিত ছিলেন না। গত ৯ মে নাগরিক ফোরাম গঠনের কথা জানানো হলেও গঠিত ফোরামে জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন কী না তা স্পষ্ট করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জামায়াত নেতা বলেন, ‘তারা রাসিক মেয়র অথবা রাজশাহী-৩ আসনে জামায়াতের প্রার্থিতা নিশ্চিত করতে চান। স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ তাদের মেয়র প্রার্থী ডা. জাহাঙ্গীরের সমর্থনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তাবও দিতে পারে। এমনটা হলেই জামায়াতের সর্বস্তরের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিজানুর রহমান মিনুকে নিঃশর্ত সমর্থন দিতে পারবে।’