সিলেট মহানগর বিএনপির সভা
আরিফ বাদে অন্য একজনকে মেয়র পদে
সমর্থন দেয়ার দাবি
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:৪২
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আরিফুল হক চৌধুরী বাদে অন্য তিন প্রার্থীর মধ্যে যেকোন একজনকে দলীয় সমর্থন দেয়ার জন্য দলের হাই কমান্ডের প্রতি দাবি জানিয়েছে মহানগর বিএনপি। রবিবার রাতে মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অফিসে এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ দাবি জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন।
সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থী ৩ জন হল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন ও সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। এ ৩ জন প্রার্থীর মধ্য থেকে যেকোন ১ জনকে প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য দলীয় হাই কমান্ডের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় জানানো হয় বিভিন্ন সংবাদপত্রে বিএনপির প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীর নাম প্রকাশ করা হয়েছে, যা তথ্যভিত্তিক নয়। সভায় বক্তারা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের পাহাড়সম জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আরিফুল হক চৌধুরীকে দায়ী করেন।