[ অ র্থ নী তি ]
অর্থনৈতিক বিবর্তনে জবাবদিহিমূলক বাজেট চাই
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:৫৬
জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ৬ জুন ২০১৩-২০১৪ আর্থিক বছরের বাজেট উপস্থাপন করবেন মাননীয় অর্থমন্ত্রী। এবারও সম্ভবত ডিজিটাল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বাজেট সংসদে পেশ করা হবে। যদিও বাজেট প্রণয়ন ও উপস্থাপনাকে সাধারণ মানুষ নেহাতই গতানুগতিক বলে মনে করে, কিন্তু এবাবের বাজেটের কয়েকটি প্রেক্ষাপট হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক পরিমণ্ডলে অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় সুদৃঢ় করতে এবারের বাজেট হবে আগামী সাধারণ নির্বাচনে উদাহরণ সৃষ্টি ও আলোচনা করার মতো একটি গুরুত্বপূর্ণ বাজেট। দিনবদলের আশ্বাসবাণী প্রতিফলনের এক প্রামাণ্য দলিল হবে এবারের বাজেট।
এবারের বাজেট পুরোটা বর্তমান সরকার বাস্তবায়ন করবে না। আগামী জানুয়ারি ২০১৪ সালে যে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবে, তাদের দায়িত্ব হবে এ বাজেটের খাতভিত্তিক বাস্তবায়ন করা, প্রাক্কলিত অর্থের জোগান দেয়া এবং প্রবৃদ্ধির হারের লক্ষ্য অর্জন করা। তারপর যে বিষয়টি জানা যায়, এবারও হবে উচ্চাকাঙ্খী বৃহত্ অংকের বাজেট, যার পরিমাণ হতে পারে প্রায় ২ লক্ষ ২২ হাজার কোটি টাকা। এর অর্থ হচ্ছে ২০০৮ সালের মেনিফেস্টোতে উল্লেখ্য অথচ এখনো আলোর মুখ দেখে নেই এমন সব বৃহত্ কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থের সংস্থান থাকতে পারে। অর্থের সংস্থান আর প্রতিশ্রুতির বেড়াজালে বাজেটের মাধ্যমে কথার ফুলঝুরি ছড়ালে এবার চলবে না, পার পাওয়া যাবে না। কি কি কাজ করা হয়নি তারও ফিরিস্তি দিতে হবে।
এবার বাজেট থেকে শুধু কথামালার উপাখ্যান নয়, জবাবদিহিমূলক উত্তরপত্রও জনগণ প্রত্যাশা করে। পদ্মা সেতুর জন্য নিজস্ব অর্থায়নে বাজেটে প্রায় ৮-১০ হাজার কোটি টাকার সংস্থান রাখা হতে পারে। কিন্তু বিশ্বব্যাঙ্ক, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক, জাইকা বা ইসলামী উন্নয়ন ব্যাঙ্ক কেন অর্থায়ন থেকে দূরে সরে গেল তার উত্তর থাকলে জনগণ খুশি হবে। কানাডায় রমেশ শাহ-এর ডায়েরিতে কাদের নাম এলো এবং কেন? শেয়ারবাজারে কত লক্ষ লোক রিক্ত ও নিঃস্ব হয়েছে তাও বলতে হবে। হলমার্ক গ্রুপের ২ হাজার ৬৬৮ কোটি আত্মসাতের অর্থ উদ্ধার করতে আরও ঋণ দিতে হবে কি? সোনালী ব্যাঙ্কের ক্লাসিফাইড লোনের পরিমাণ কত হাজার কোটি টাকা? ব্যাঙ্কসমূহ বছরান্তে পুনঃতফসিল করে কিভাবে প্রতারণা করছে, কিছুটা হলেও বলতে হবে। ডেসটিনি গ্রুপ কত টাকা পাচার করেছে বা কি অপকর্ম করেছে জনগণের এ জিজ্ঞাসার উত্তর আসবে কি? অর্থনৈতিক পরিমণ্ডলে ঝুঁকি নির্ণয় করা হচ্ছে কি? উচ্চ সুদে ব্যাঙ্ক ঋণের কারণে বিনিয়োগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এতে সন্দেহ নেই। বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে সুদের স্পেড ও সুদের হারের যৌক্তিক সমাধান দিতে হবে। বাংলাদেশ ব্যাঙ্কের প্রভাব অর্থনৈতিক বির্বতনে এবং ব্যাঙ্কিং খাত নিয়ন্ত্রণে আরও দৃশ্যমান হতে হবে। বাজেট বক্তৃতায় এসব নিয়ে নীরব থাকা চলবে না। উত্তর না দিলেও দিকনির্দেশনা দিতে হবে। একটি উদীয়মান ও অগ্রগামী অর্থনৈতিক বির্বতনকে জবাবদিহিতার মাধ্যমেই দৃশ্যমান করার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না ।
বাজেট হচ্ছে দেশ ও জাতির আর্থ-সামাজিক অগ্রগতির দিকদর্শন। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সমন্বয় সাধনের প্রামাণিক প্রতিশ্রুতি, যা জাতীয় অগ্রগতি ও দারিদ্র্য বিমোচনের পথকে সুগম করে। এ লক্ষ্যে বিদ্যমান সমস্যাকে দূরীভূত করে আর্থিক প্রবৃদ্ধি অর্জনের সুদূরপ্রসারী পথ প্রদর্শন এই বাজেট প্রস্তাবনাসমূহে উপস্থাপিত হতে হবে। দেশবাসী ও অর্থনীতিবিদরা যে অভিজ্ঞানটি প্রত্যাশা করে তা হচ্ছে, বাজেট হতে হবে বিনিয়োগবান্ধব। ধনতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র যাই হোক না কেন সবার উপরে হচ্ছে দেশজ উত্পাদন বৃদ্ধি ও স্বনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্যে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না। বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানাবিধ সামাজিক অস্থিরতা দেখা দিবে। তাই বিনিয়োগের বিকল্প কোন পন্থা নেই। বিনিয়োগ বৃদ্ধি করতে হলে বেশ কিছু অর্থনৈতিক সূত্র ও সংকেতের সূচনা করতে হবে, যা বিনিয়োগকে অতিদ্রুত আকর্ষণ করতে পারবে। সুশাসন হচ্ছে এ অঙ্গনে এক মৌলিক বার্তা। অর্থনৈতিক সুষ্ঠু নীতিমালা হচ্ছে এর দর্শন। দীর্ঘদিনের অভিজ্ঞ অর্থমন্ত্রীর কাছ থেকে জনগণের তাই প্রত্যাশার শেষ নেই।
কালো টাকার প্রভাবে অর্থনীতিতে শুদ্ধাচার বিপর্যয়ের সন্মুখীন। কালো টাকা সাদা করার সুযোগ দিতে আপত্তি নেই । কিন্তু কালো টাকার পরিমাণ যদি ৬০ থেকে ৭০ শতাংশ হয় তখন বুঝতে হবে অর্থনীতি কালোবাজারিদের হাতে। দেশবাসী তখনই জানতে চাইবে এতোসব কালো টাকা কিভাবে সৃষ্টি হয়। কালো টাকার উত্পাদন ও উপভোগের সাথে সরকারি কর্মকর্তা, ব্যাঙ্কের প্রশাসকমণ্ডলী এবং রাজনীতির চেনা মানুষগুলো কতোটা সম্পৃক্ত? এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আসবে। কারণ অনেকের হাতে কালো টাকার পাহাড় জমেছে। কিন্তু লোকগুলো কারা, যারা শুধু কালো টাকার পিছনে ছুটে বেড়ান, অনুগ্রহ করে অর্থমন্ত্রী এসব কালো বিড়াল সর্ম্পকে ইঙ্গিত দিবেন কি? এ প্রশ্নের জবাব হবে স্বচ্ছতার নির্দশন।
বিনিয়োগকারীদের কাছে মুনাফার হার কম-বেশি ছাড়াও আকর্ষণীয় ও লোভনীয় হচ্ছে দেশ-কাল-পাত্র, যেখানে আইনের শাসন থাকবে সুপ্রতিষ্ঠিত, দুর্বৃত্তায়ন হবে বিবর্জিত, সরকার ও জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে পরিচ্ছন্ন। তাই বাজেট শুধুমাত্র কিছু প্রকল্প ও কর্মসূচির জন্য অর্থায়ন নয়, প্রত্যক্ষ ও পরোক্ষ করের আওতা বৃদ্ধি করে রাজস্ব আয় বৃদ্ধির অন্যতম উদ্যোগ। করের আওতা বাড়ানোর লক্ষ্যে ট্রেড লাইসেন্স ও যৌথ মূলধনী কোম্পানির পরিচালকদের জন্য টিআইএন বা কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক করতে হবে। টিআইএন-এর বর্তমান সংখ্যা ৪০ লক্ষ থেকে বৃদ্ধি করে কমপক্ষে ৮০ লক্ষ করতে হবে অতি দ্রুত। অনেক দিন থেকে ৭টি অর্থনৈতিক জোন করার কথা বলা হচ্ছে, কিন্তু কোন লক্ষণ নেই। হাজারীবাগ থেকে চামড়া শিল্পকে অন্যত্র সরাতে হবে, সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন? আদমজী এলাকায় তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের জন্য স্থান দিয়ে এবং সেখানে পোশাক শিল্পে নিয়োজিত কর্মীদের আবাসনের সুযোগ করলে নতুন এক দিগন্তের স্থায়ী রূপ নিতে পারে । এ বিষয়টি ভাবনায় নিতে হবে।
দুর্নীতি নিবারণে সরকার কতটা কঠোর হয়েছে তা অবশ্যই জানান দিতে হবে দেশবাসীকে। সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যয় প্রতিভাত হতে হবে জোরালোভাবে। সুশাসনের প্রত্যয়ে দুর্নীতি দমন কমিশনকে অধিকতর শক্তিশালী অথবা স্বাধীন সত্তা হিসাবে প্রতিষ্ঠা করার কথা বারবার বলা হলেও মানবাধিকার ভূলুণ্ঠিত হয়েছে দৃশ্যমানভাবে। বিশেষ করে সংখ্যালঘুদের ধর্মীয় নিরাপত্তা বিধানে ও মানবাধিকার সংরক্ষণে উদাসীন ছিল সরকার। এদেশের জনগণ দুর্নীতিকে সবচেয়ে অধিক অসহনীয় মনে করে এবং এ প্রশ্নে জনগণ আপোষহীন। সরকার আইন-শৃংখলার দর্শনীয় উন্নতি সাধনে এবং দৃষ্টান্তমূলকভাবে দুর্নীতি দমনে উদাহরণ সৃষ্টি করবে বলে জনগণ আশা করেছিল। সরকার শুদ্ধাচার নীতিমালা প্রণয়ন করেছে এজন্য ধন্যবাদের পাত্র, কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে কি? খাস জমি বিতরণের গল্প আমরা শুনতে পাই, কিন্তু ভূমিহীন চাষি সেই খাস জমি অধিকারে রাখতে পেরেছেন কিনা এ প্রশ্ন অনেকের। দেশে এখন মোনাজাত উদ্দিনের মতো সাংবাদিক নেই, কার কাছে শুনবো এ সকল চাষি ক্ষেতমজুরের প্রবঞ্চনার করুণ আর্তনাদের কাহিনী। জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করতে হবে। যেভাবে বিপুলহারে নগরমুখী অভিবাসন শুরু করেছে এবং যার প্রতিক্রিয়া সামগ্রিক অর্থনীতির গতি-প্রকৃতিকে এবং পানি, বিদ্যুত্, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সংক্রামক রোগের বিস্তারসহ বস্তিবাসী ও ভাসমান জনগণের ব্যাপকতা সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করছে, এ সর্ম্পকে জনগণকে সতর্ক করাসহ সরকারের ভাবনার প্রয়োজন আছে। আশা করি এবারের বাজেটে এ সম্পর্কে কিছু কথা থাকবে। সমগ্র দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ১.৩৭ শতাংশ হারে, কিন্তু ১১টি সিটি করপোরেশন ও ৩১৭টি পৌরসভায় গড়ে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রায় ৫% হারে। অর্থনীতি ও রাজনৈতিক অঙ্গনে এ হচ্ছে অবশ্যই নীতিনির্ধারণীমূলক ভাবনার অধিক্ষেত্র। এবারের বাজেটও বিগত বছরের মতো গতানুগতিক অভিযাত্রা, উচ্চাভিলাষী বা অবাস্তবায়নযোগ্য অথবা প্রগতির পথে পদযাত্রা বা নতুন পথের দিশারী যাই হোক না কেন, দেশবাসী চায় দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণে থাকবে, ভোক্তা অধিকার সুনিশ্চিত করতে হবে। দুর্বৃত্তায়নের ভয়াবহ কাহিনী মানুষ শুনতে আর রাজি নয়। টেন্ডারবাজিকরসহ সকল বাজিকর দূরীভূত হবে দেশ থেকে। এ সকল প্রত্যাশা পূরণের জন্য বোধ হয় অপেক্ষা করতে হবে আরো অনেক দিন। এ বাজেট বক্তৃতা শুধু “হবে এবং হচ্ছে”— এ জাতীয় বক্ত্যবের আবর্তে অবগাহন করেই শেষ হলে জনগণ আবারও হতাশ হবে । বদলে দিবার মতো বিপ্লবী বার্তা এবারের বাজেটে প্রকাশ পেতে হবে। কারণ সামনে নির্বাচন। এবাবের বাজেটেই সুষ্ঠু নির্বাচনের জন্য বরাদ্দ থাকবে এবং থাকবে সর্বজন গৃহীত নির্বাচনের প্রতিশ্রুতি।
পরিশেষে বলতে হয়, এবারের বাজেট অধিবেশনের চমকপ্রদ একটি আর্কষণ আছে। দেশবাসী প্রত্যক্ষ করবে নতুন মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জাতীয় সংসদ পরিচালনাকে। তিনি নির্বাচিত সংসদ সদস্য নন। কিন্তু প্রজ্ঞা ও মেধায় অনেক গৌরবের আসনে সমাসীন। দেশবাসী আশা করবে এবারের বাজেট অধিবেশনে বিরোধী দল সংসদে যোগদান করলে তারা কথা বলার সুযোগ পাবে, মাননীয় স্পিকার সে সুযোগ করে দিবেন। সংসদের অধিবেশনসমূহ বিতর্কের মাঝে প্রাণবন্ত হবে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা হবে প্রতিদিন। সকল মতানৈক্য নিরসনের সুযোগ করবে সংসদের প্রতিটি অধিবেশন এবং লবিসমূহ। সংসদীয় গণতন্ত্র স্থায়ী রূপ লাভ করবে। জবাবদিহিমূলক সরকারের বার্তা সুপ্রতিষ্ঠিত হবে, এ হচ্ছে প্রত্যাশা।
লেখক :সাবেক সচিব