শাপলা চত্বরে যা ঘটে গেলো?
ন তু ন প্র জ ন্মে র ভা ব না
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:৫৭
হেফাজতে ইসলামের কর্মীদের রাতের আঁধারে হামলা করা হলো কেন?
বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সবার মত প্রকাশের এবং সভা সমিতি করার পূর্ণ অধিকার সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার। সেই সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার বলেই ৫ মে হেফাজতে ইসলাম সরকারের অনুমতি সাপেক্ষে শাপলা চত্বরে সমাবেশ শুরু করে।
হেফাজতে ইসলাম বাংলাদশকে সমাবেশের অনুমতি দিয়ে গভীর রাতে মতিঝিলের মত এলাকার বিদ্যুত্ বিচ্ছিন্ন করে। মিডিয়া কর্মীদের সরিয়ে দিয়ে ঘুমন্ত মানুষের উপর যে অভিযান হল—সেটা কোন অভিযান হতে পারে না। সেটা অগণতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার সামিল। তাই আমি মনে করি, সরকারের কাছ থেকে যে বক্তব্য আসছে তার কতটা গ্রহণযোগ্যতা আছে তা সাধারণ মানুষ জানতে চায়, বুঝতে চায়, যেখানে গণজাগরণ মঞ্চ মাসের পর মাস সরকারের ছত্রচ্ছায়ায় রাজপথ দখল করে আছে সেখানে হেফাজতে ইসলামের কর্মিদের রাতের আঁধারে হামলা করা হল কেন? এটা সরকারের, প্রশাসনের কোন গণতান্ত্রিক আচরণ নয়—যার ফলে সামনের দিনগুলি চরম সহিংসতার রুপরেখা হাতছানি দিয়ে ডাকছে।
মো. হাসান হাফিজুর রহমান
এল.এলবি অনার্স (২য় সেমিষ্টার)
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড
টেকনোলজি (বিইউ,বিটি)।
ঝটিকা আক্রমণে শাপলা চত্বর বনাম জনতার উদ্বেগ উত্কণ্ঠা
কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ডাকা গত ৫ মে “ঢাকা অবরোধ কর্মসূচিতে” প্রশাসন ও সরকারের দ্বিমুখী পদক্ষেপে শাপলা চত্বরে যা ঘটে গেল তাতে দেশবাসী স্তম্ভিত, মর্মাহত ও উত্কণ্ঠিত! হেফাজত ঢাকা অবরোধ কর্মসূচি দেবে মর্মে একমাস আগে ঘোষণা দেয় এবং নির্ধারিত তারিখে প্রশাসনের অনুমতি নিয়ে শাপলা চত্বরে সমাবেশ করে। এরপর প্রশাসন তাদের “সন্ধ্যার মধ্যে শাপলা চত্বর ছেড়ে যেতে হবে” মর্মে সময় বেঁধে দেয়। দিনভর দেখা যায় পল্টন, মতিঝিল ও গুলিস্তানের রণক্ষেত্র চিত্র! শ্বাসরুদ্ধকর সময় গড়িয়ে যায় এবং হেফাজতের সাথে যোগ দেয়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও পুলিশ-যুবলীগের সহিংস আক্রমণে ভস্মীভূত হয় দেশের সম্পদ ও নিঃস্ব হয় অনেক খেটে-খাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা চাই সেই রাত্রের ঘটনা হত্যাযজ্ঞ ছিলো না-কি দেশের স্বার্থে অন্য কিছু তার পরিষ্কার বিবরণ জানতে। প্রয়োজনে ঐ ঘটনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে এর কারণ অনুসন্ধান জরুরি। আমরা সাধারণ জনগণ এভাবে আর গণতন্ত্রের বলির পাঁঠা হতে চাই না। তাই আমি বলতে চাই, “শাপলা চত্বরের ঐ অভিযান এত রাতে চালানোর কারণ কী।
মো. মনির হোসেন
বিজ্ঞান বিভাগ, ২য় বর্ষ,
মিরপুর সরকারি বাংলা কলেজ,
ঢাকা
একদল মাসব্যাপী কর্মসূচি চালাবে আবার আরেক দল কয়েকঘণ্টা কর্মসূচি চালালে ‘এ্যাকশন’
৫ মে, ২০১৩ এ-দেশে আলোড়নসৃষ্টিকারী হেফাজতে ইসলাম ধর্মীয় কিছু দাবি নিয়ে মতিঝিলে সমাবেশ করছিলো। শুরু থেকে তারা অরাজনৈতিক সংগঠন বলে দাবি করছে অথচ একটি মহল তাদেরকে রাজনৈতিক দল বানানোর চেষ্টা চালাচ্ছে। তাদের দাবির দিকে লক্ষ্য করলেই বুঝা যায় সম্পূর্ণ অরাজনৈতিক দাবি। এখন পর্যন্ত ঐ রাত্রের যুক্তিসংগত ব্যাখ্যা আমরা পাইনি। তাই যদি কোন গণমাধ্যম বা সরকারের কাছে ঐ রাত্রের ধারণকৃত ভিডিও ফুটেজ থাকে তবে তা প্রকাশ করে জনমনের বিভ্রান্তি দূর করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ গণতন্ত্র মানেই জবাবদিহিতা। একদল মাসব্যাপী কর্মসূচি চালাবে আবার আরেক দল কয়েকঘণ্টা কর্মসূচি চালালে ‘এ্যাকশন’। এতে কি গণতন্ত্র লজ্জিত হয়নি?
শফিকুল ইসলাম (সুজন)
৪র্থ বর্ষ, অর্থনীতি বিভাগ
আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ
ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশের চাইতে ব্যক্তি
বড় নয়
সমাবেশ করার অনুমতি দেয়া হয় শেষ পর্যন্ত শাপলা চত্বরে। ঐদিন প্রায় ১ লাখ লোক জমায়েত হন। তাদের দাবি সরকার মেনে না নিলে ৬ মে থেকে দেশ চালনার কথা বলা হয়। মধ্যরাতের পর যে ঘটনা ঘটেছে তা একটি স্বাধীন দেশের জন্য কাম্য নয়।
১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রে যেমন পাকিস্তানি হানাদারবাহিনী বাঙালির উপর হঠাত্ করে আক্রমণ চালায় ঠিক একই কায়দায় ৫ মে দিবাগত রাত্রে হেফাজাত কর্মীদের উপর নেমেছিল দেশের আইন-শৃংখলা বাহিনী। হঠাত্ করেই চলে যায় বিদ্যুত্। চত্বরের আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গণমাধ্যমে প্রকাশিত হয় ঐ দিন হেফাজত কর্মী দমনে অংশ নেয় ৭৫৮৮ জন আইন-শৃংখলা বাহিনী।
চারদিকে পুলিশের গোলা-বারুদ, টিয়ারশেল, রাবার বুলেট, শর্টগানের গুলির মুখে পড়ে ঠিক ১২ মিনিটের মাথায় ছাড়তে হয় হেফাজত কর্মীদের। সরকারি হিসেবে মৃত্যের সংখ্যা প্রায় ১১ জন। আজ যদি আমরা হেফাজতে ইসলামকে ছোট সংগঠন বলি তা হলে ভুল হবে। ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা ক্ষমতা ধরে রাখার প্রবণতা সকলকে ছাড়তে হবে।
সুমন আহমেদ
বি.বি.এ, ফজলুর রহমান হল,
সিটি ইউনিভার্সিটি,
সাভার, ঢাকা