আলোকপাত

আর্তনাদ!

চারদিকেই বিপন্ন মানুষের আর্তনাদ। আগুনে পোড়া, ছাদচাপা পড়া গার্মেন্টস কর্মীর আর্তনাদ, রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় আহত-নিহত মানুষ এবং স্বজনদের আর্তনাদ, সাইক্লোন, সিডর, মহাসেন আক্রান্ত উপকূলবাসী জনগণের আর্তনাদ, পুড়িয়ে দেয়া গাড়িচালক এবং যাত্রীদের আর্তনাদ, সংঘবদ্ধ দাবি আদায়কারীদের আক্রমণে আক্রান্ত কর্তব্যরত পুলিশের আর্তনাদ— আবার তাদের উপর আইন-শৃংখলা রক্ষাবাহিনীর আক্রমণে আক্রান্তদের আর্তনাদ, গ্রামে-গঞ্জে বিনা চিকিত্সায় ধুঁকে মরা মানুষের আর্তনাদ, এখনও একশ্রেণীর অতিদরিদ্র না খেয়ে থাকা মানুষের আর্তনাদ, দুর্বলের উপর সবল মানুষের অত্যাচারে অসহায় মানুষের আর্তনাদ, ভূমিদস্যুদের কবলে অত্যাচারিত একটুকরো জমির মালিকের আর্তনাদ, স্কুল-কলেজ, কারখানায় যাওয়া মেয়েদের উপর বখাটেদের অত্যাচারের শিকার, এসিড সন্ত্রাসের শিকার মেয়েদের আর্তনাদ, অফিস-আদালতে ঘুষখারদের অত্যাচারে নির্যাতিত মানুষের আর্তনাদ ইত্যাদিসহ বিভিন্ন কারণে গণমানুষের আর্তনাদে দেশের আকাশ-বাতাস ক্রমশ ভারি হয়ে উঠছে। কোথাও একটু সুষ্ঠু পরিবেশ নেই। মানুষের স্বাধীনভাবে চলাফেরাসহ একটু সুস্থভাবে বাঁচার পরিবেশ দিনে দিনে সঙ্কুচিত হচ্ছে। বিভিন্ন অনিয়মের বেড়াজালে আক্রান্ত মানুষের দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। স্বাধীন হওয়ার ৪২ বছরেও দেশের রাজনীতিতে সুবাতাস লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে যে যখন সুযোগ পাচ্ছেন তারাই বাঁকা পথে এগুচ্ছেন। উল্টা-পাল্টা কথা বলছেন। অথচ রাজনীতিতে সুবাতাস ফিরলেই দেশের মানুষের অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যেত। মানুষের আতঙ্ক আর্তনাদ কমে যেত। সুস্থ ধারার রাজনীতি প্রচলন করা গেলে অফিসে অফিসে ঘুষখোরের সংখ্যা কমে যেত, রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরে আসতো। আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে দুর্বলের উপর সবলের অত্যাচার কমে যেত, নারীরাও এতো সন্ত্রাসের শিকার হতেন না। কিন্তু দেশের রাজনীতি যে পথ ধরে চলেছে সে পথের কোন ঠিকানা না থাকায় জনগণ আজ রাজনীতির সুফল বঞ্চিত। রাজনীতির নামে কেবল কিছু সংখ্যক লোক নিজেদের নিয়ে, নিজেদের ভাগ্য গড়া নিয়ে ব্যস্ত। উপরোক্ত নিয়মে রাজনীতি পরিচালিত হওয়ায় একবার কোন দল ক্ষমতায় গেলে ২/৩ বছরেই তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলেন। কারণ ক্ষমতায় গিয়ে এসব গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো ব্যক্তিদের হাতেই চাবিকাঠি তুলে দেয়া হয়। দেশের সাধারণ মানুষকে আবার ঐ শ্রেণীর মানুষেরই মুখাপেক্ষী করে রাখা হয়। আর এসব কারণে শেষের দিকে এসে এসব সরকার জনপ্রিয়তা হারিয়ে শেষমেষ জনগণকেই ভয় পায়। যে জনগণের নিরঙ্কুশ সমর্থন নিয়ে তারা সরকার গঠন করেন, এসব গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো লোক নিজেদের আখের গোছাতে গিয়ে সেই জনপ্রিয় সরকারেরই বারোটা বাজিয়ে দেন। এ যেন এক অমোঘ নিয়মে পরিণত হয়েছে। এ বলয় থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। এক একটি দল সরকার গঠন করতে গত পাঁচ বছরে কে বা কারা কত গাড়ি বা মানুষ পুড়িয়েছেন তাদের খোঁজ করেন এবং তাদের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা বিলি-বন্টন করেন। আর ক্ষমতার অংশীদার ঐ শ্রেণীর নেতারা এতোদিনের কর্মকাণ্ডে যা ব্যয় করেছিলেন সেই অর্থসহ নিজেদের ঝুঁকিভাতাসহকারে সুদে-আসলে উসুল করেন। এখন পর্যন্ত জনগণ পালাক্রমে এসব ঘটনারই পুনরাবৃত্তি দেখে আসছেন। অথচ আমরা সবাই জানি যে, রাজনীতির এই কালচার হতে বেরিয়ে আসা একান্ত প্রয়োজন। অশুভ শক্তিকে কাজে লাগিয়ে তাদেরকে ব্যবহার করে আবার তাদের হাতেই ক্ষমতা বিলি-বন্টন করে দেশ চালানা সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না। ক্ষমতা দখল করা হতে শুরু করে শেষ পর্যন্ত এসব অশুভ শক্তিকে ব্যবহার করলে কোনদিনই রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা যাবে না। আর তা না করতে পারলে দেশের মানুষের হাহাকার, আর্তনাদও বন্ধ হবে না। মনে রাখতে হবে এভাবে সাধারণ মানুষের আর্তনাদে দেশের আকাশ-বাতাস ভারি হয়ে তা রাজনীতিকেও ভারি করে তুলছে এবং তাতে রাজনীতিরও ভীষণ ক্ষতি হচ্ছে এবং সে ক্ষতি হতেই থাকবে। আর সময় থাকতে এসব বুঝতে না চাইলে সে ক্ষতির হাত হতে রক্ষাও পাওয়া যাবে না। এক্ষেত্রে আমি আমার আজকের লেখাটি তাই বর্তমান পরিস্থিতিতে আর্তনাদ হিসেবেই উপস্থাপন করলাম। লেখক : মুক্তিযোদ্ধা, কলামিস্ট