বন্ধ হয়ে যাচ্ছে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৪৪
বন্ধ হয়ে যাচ্ছে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল। দেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল সৈয়দপুরে অবস্থিত। ফাইলেরিয়া রোগের বিনে পয়সায় চিকিত্সাসেবা দেয়ার কথা বলে ১৯৯৭ সালে প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন এটি প্রতিষ্ঠা করেন। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ৫০ শতাংশ জমির উপর গড়ে তোলা হয় এ হাসপাতালটি। পরবর্তীতে দাতা সংস্থার দেয়া অনুদানের প্রায় কোটি টাকা ব্যয়ে ৩-তলা বিশিষ্ট অত্যাধুনিক মডেলের দুটি ভবন নির্মাণ করা হয়। এরপর নিয়োগ দেয়া হয় বিভিন্ন পর্যায়ে স্টাফ। ক্রয় করা হয় হাসপাতালের যন্ত্রপাতি, এ্যাম্বুলেন্স, সরঞ্জাম এবং যানবাহন। এভাবে শুরু হয় হাসপাতালের যাত্রা। যাত্রা শুরুর পর থেকে বিনে পয়সায় কোন রোগের চিকিত্সা এখানে হতো না। মোটা অংকের টাকার বিনিময়ে রোগীদের সেবা দেয়া হতো। টাকার জন্য অনেক রোগীকে আটকে রাখা হতো এমন খবর পাওয়া যায় সেখানে। এর প্রতিবাদ করতে গিয়ে ৬জনকে চাকরি হারাতে হয়েছে। প্রথমাবস্থায় এখানে প্রচার করা হয় গোদ রোগের চিকিত্সার কথা। কিন্তু পরবর্তীতে গোদ রোগের চিকিত্সার দিকে ঝুঁকে না পড়ে এখানে চিকিত্সা দেয়া শুরু হয় হাইড্রোসেল, সিজারসহ অনেক রোগের। ক্রমে ক্রমে হাসপাতালটি ভরে যায় দুর্নীতিতে। বর্তমানে চিকিত্সকসহ ২৬জন কর্মকর্তা-কর্মচারী সেখানে কর্মরত আছেন। বর্তমানে বেতন-ভাতার জন্য কর্মচারীদের আন্দোলন চলছে। একটি গোপন সূত্র জানায়, হাসপাতালের পরিচালক এটি চালাতে অপারগ। যার কারণে তিনি নাকি আরও একটি ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণ করছেন ঢাকার সাভারে। আর এ কারণে হাসপাতালটির দিকে তার নজর নেই। এ ব্যাপারে পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, অনিয়ম, দুর্নীতি নয়, হাসপাতালের আয়-কমে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে হিমসিম খেতে হচ্ছে।