রাজগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

রবিবার বিকালে ডিবি পুলিশ রাজগঞ্জের হিন্দু এলাকায় অগ্নিকাণ্ড, ভাংচুর ও লুটতরাজ মামলার আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল হাসানকে গ্রেফতার করে। নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ২৮ ফেব্রুয়ারি জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকায় অগ্নিকাণ্ড, ভাংচুর ও লুটতরাজের ঘটনায় ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাসান জড়িত থাকায় তাকে মামলার আসামি করা হয়। ঐ সময় থেকে সে আত্মগোপনে ছিল। উল্লেখ্য, ঐদিন রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড়, আলাদীনগর ও মাধবসিংসহ বিভিন্ন এলাকায় কয়েকশ’ লোক মিছিল সহকারে এসে হিন্দু বাড়িঘরে ও মন্দিরে অগ্নিকাণ্ড, লুটতরাজ ও ভাংচুর চালায়। এতে ১১টি বাড়ি ও ৭টি মন্দির ক্ষতিগ্রস্ত হয়। ৮৪ পরিবার সর্বস্বান্ত হয়। তাছাড়া রাজগঞ্জ বাজারের বেশ কয়েকটি হিন্দু দোকান ভাংচুর ও লুটপাট করা হয়। ঐ সময় বেগমগঞ্জ মডেল থানায় ৭১ জনের নামোল্লেখ করে আরো আড়াই হাজার লোক আসামি করে মামলা দায়ের হয়। ইতিপূর্বে ডিবি পুলিশ ইউপি চেয়ারম্যান হারুনকে গ্রেফতার করে। বর্তমানে চেয়ারম্যান জেল-হাজতে রয়েছে।