ফকিরহাটে জাহিদ হত্যায় উপজেলা
চেয়ারম্যানসহ ৯ জন আসামি
নীহার রঞ্জন সাহা, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৪৭
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসান খুনের ঘটনায় উপজেলা চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন, যুবলীগ নেতা হারুন-উর রশিদসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মী। পুলিশ ধারণা করছে, এলাকার আধিপত্য ও দলীয় কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অপরদিকে খুনিদের গ্রেফতারের দাবিতে গতকালও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এদিকে হত্যার দায় স্বীকার করে শনিবার বিভিন্ন পত্রিকা অফিসে নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এম.এল. জনযুদ্ধের পাঠানো ক্ষুদেবার্তার সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ। খুলনার রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জিয়াউল হাসান বলেন, গতকাল নিহতের স্ত্রী শিরিন আক্তার ফকিরহাট উপজেলা চেয়ারম্যান নিয়ামত হোসেনসহ ৯ জনকে আসামি করে মামলা করেছে। এছাড়াও মামলায় ৭/৮ জনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।