রায়পুরায় সহস্রাধিক কলেজ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত

অংশগ্রহণ করেছে ২৩৮১ জিপিএ-৫সহ উত্তীর্ণ ২১৯৭ কলেজের আসন ১০৭৫ সুযোগ পাবে না ১১২২ সারা দেশের ন্যায় রায়পুরার কলেজগুলোতেও শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। চলতি বছরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও উপজেলার কলেজগুলোতে পর্যাপ্ত আসন না থাকায় প্রায় সহস্রাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার আশংকা দেখা দিয়েছে। জানা যায়, উপজেলায় প্রতি বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় গড়ে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে থাকে। চলতি বছরে উপজেলায় দাখিল ব্যতীত ২হাজার ৩শ’ ৮১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৬ জন জিপিএ-৫সহ উত্তীর্ণ হয়েছে ২হাজার ১শ’৯৭ জন। কিন্তু তাদের মধ্যে নগণ্যসংখ্যক শিক্ষার্থী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি/বেসরকারি ভাল কলেজে ভর্তি হবার সুযোগ পাচ্ছে। এদের মধ্যে জেলা সদর অথবা ঢাকায় থেকে লেখাপড়া চালানোর মত আর্থিক সঙ্গতি নেই অধিকাংশেরই। বাকিরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বেসরকারি কলেজে ভর্তি হবে। অথচ উপজেলার কলেজগুলোতে রয়েছে অবকাঠামোগত অসুবিধা, আসবাবপত্রের অপ্রতুলতা, উচ্চ বেতন ও ভর্তি ফিসহ নানা সমস্যা। তাছাড়া রায়পুরা উপজেলায় রয়েছে ১টি মহিলা কলেজসহ মাত্র ৩টি কলেজ। এসব কলেজগুলোর মধ্যে রায়পুরা ডিগ্রী কলেজে ৭০০, আদিয়াবাবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে ১৭৫ এবং রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজে ২০০টি আসনসহ মোট ১হাজার ৭৫জন শিক্ষার্থী ভর্তি হওয়ার মত আসন রয়েছে। বাকী থাকে আরো প্রায় সহস্রাধিক। অভিভাবক ও সচেতন মহল জানান, রায়পুরা উপজেলায় কলেজের সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন। তবে সরকারি কলেজ থাকলে কম খরচে ভাল ও উন্নত পরিবেশে শিক্ষার সুযোগ পেত শিক্ষার্থীরা।