ঘোড়াশালে এলপিজি প্রকল্পের কাজে বাধা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাইকশা এলাকায় ওমেরা এলপিজি (লিকুইফাইড পেট্রেলিয়াম গ্যাস) প্রকল্পের নির্মান কাজ স্থানীয় প্রভাবশালী মহল বন্ধ করে দিয়েছে। বাসা বাড়িতে এলপিজি গ্যাস সরবরাহ করতে এক বছর আগে এখানে কাজ শুরু করে ওমেরা এলপিজি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। পরবর্তীতে তারা দীপন গ্রুপ নামের একটি দেশীয় প্রতিষ্ঠানকে সহকারী ঠিকাদার হিসেবে নিয়োগ প্রদান করে। সমপ্রতি একটি প্রভাবশালী মহল নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ করে চলে যেতে বলেন। এক পর্যায়ে দীপন গ্রুপের প্রকৌশলী রতন কুমার নাগ , তুহীন খান,নির্মান শ্রমিক ঠিকাদার জাকির হোসেন ভূইয়াসহ নির্মান শ্রমিকদের পিটিয়ে কারখানা এলাকা থেকে বের করে দেয়া হয়। এসময় অফিস কক্ষ, শ্রমিকদের থাকার জায়গা, চেয়ার - টেবিল, জেনারেটর ভাংচুর করা হয়। দীপন গ্রুপের পরিচালক জানান, প্রভাবশালী চক্র আমাদের প্রকল্পের কাজটি কেড়ে নিয়ে অন্য একটি প্রতিষ্ঠানকে দিতে চায়। আমরা দরপত্রের মাধ্যমে সুষ্ঠু উপায়ে ফরাসি প্রতিষ্ঠান পারলিনের কাছ থেকে কাজটি পেয়েছি। ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক জানান, এলাকাবাসীর অনেকের জমির টাকা পরিশোধ না করে ওমেরা গ্রুপ জোর পূর্বক জায়গা দখল করে নির্মান কাজে হাত দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এব্যাপারে তারা ঘটনার সম্মানজনক মীমাংসার জন্য আমার সহযোগিতা চাইলে আমি তাদের কে পূর্ণ সহযোগিতা করি। কিন্তু পরবর্তীতে তারা আর যোগাযোগ করেনি।