বগুড়ায় ছাত্রলীগ সভাপতির কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার

বগুড়ার শেরপুর শহর ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ফাহিম ও তার স্ত্রী বুলবুলির কাছ থেকে দুটি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে পুলিশ ফাহিমকে নিয়ে শহরের দু’টি স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে। এ ঘটনায় এসআই বুলবুল ইসলাম ও আলহাজ উদ্দিন বাদী হয়ে শেরপুর থানায় অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত রেজাউল হক ফাহিম (২৭) শহরের টাউন কলোনী এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা আয়নাল হক মাস্টারের ছেলে ও তার স্ত্রী বুলবুলি (২৫) নয়াপাড়াস্থ মো. আয়নাল হকের মেয়ে। শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম ও মিজানুর রহমান মিজান জানান, রেজাউল হক ফাহিমকে গত শনিবার দুপুরে গ্রেফতার করা হয়। ওইদিন দুপুর ১২টার দিকে ফাহিমের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক উপজেলার গাড়ীদহ বাজার এলাকায় এক মিষ্টির দোকানির জমি দখলে ব্যর্থ হয়ে জহুরুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আহত জহুরুল উপজেলার গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। ফাহিমকে গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং তার হেফাজতে থাকা অস্ত্রের সন্ধানে জিজ্ঞাসাবাদ শুরু করে। গতকাল তাদের দু’জনের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।