পানি সরবরাহকে জাতিসংঘের মূল এজেন্ডা করার আহ্বান

বিশ্বজুড়ে পানি সরবরাহ ও স্যানিটেশনকে ২০১৫ সাল পরবর্তী জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রার মূল এজেন্ডায় পরিণত করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকালে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে আয়োজিত দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দানকালে তিনি এ আহবান জানান। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে গতকাল এক দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়া প্রতিরোধে তাদের নাগরিকত্ব প্রদানে মিয়ানমারের নেতৃত্বকে রাজি করাতে থাই সরকারের সহযোগিতা চান শেখ হাসিনা। অপরদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুফ জেরেমিকের সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে। চিয়াংমাই আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত পানি সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘পানি ও মানবাধিকার এখন আন্ত:সম্পর্কিত এবং অর্থনীতি, পরিবেশ ও সামাজিক স্বার্থের জন্য টেকসই পানিসম্পদ খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য বিশ্বজুড়ে পানি সরবরাহ ও স্যানিটেশনকে জাতিসংঘের ২০১৫ সাল-উত্তর উন্নয়নের মূল এজেন্ডায় পরিণত করতে হবে এবং তা হতে হবে বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে।’ শেখ হাসিনা বলেন, বিশ্বের ৭শ’ কোটি জনসংখ্যার ৬০ শতাংশের বাস এশিয়ায়। কিন্তু ২০৩০ সাল নাগাদ এশিয়া প্রশান্তসাগরীয় অঞ্চলে পানির চাহিদা ও সরবরাহের ব্যবধান দাঁড়াবে ৪০ শতাংশ পর্যন্ত। প্রধানমন্ত্রী এ চ্যালেঞ্জ মোকাবেলায় কয়েকটি বিষয়ে জরুরি নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রথমত, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় সমন্বিতভাবে কৃষিতে সেচ ব্যবস্থার মানোন্নয়ন, জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জন ও ক্রমবর্ধমান শিল্পে পানির চাহিদা পূরণ প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, ভূগর্ভস্থ পানির আর্সেনিক দূষণ কার্যকরভাবে প্রতিরোধ, সফলভাবে বৃষ্টির পানি সংরক্ষণ ও বর্জ্য পানি পরিশোধনের জন্য প্রযুক্তির উন্নয়ন ও হস্তান্তরে বিভিন্ন দেশকে অবশ্যই মেধাস্বত্ব অধিকারের (আইপিআর) সীমাবদ্ধতা ব্যতিরেকে এগিয়ে আসতে হবে। তৃতীয়ত, সহযোগিতার মনোভাব নিয়ে ও দেশীয় উদ্যোগের মানোন্নয়ন ঘটিয়ে পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিভিন্ন সমপ্রদায়কে সীমিত ভূগর্ভস্থ সম্পদের পুনর্ব্যবহার, পরিশোধন ও এর সুষ্ঠু ব্যবহারে উত্সাহিত করতে হবে। চতুর্থত, বিভিন্ন নদ-নদীর পানি সংরক্ষণ ও নাব্যতা অক্ষুণ্ন, অন্যান্য আন্তঃদেশীয় নদ-নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং নদী অববাহিকা ও প্রতিবেশ রক্ষায় নানামুখী পদক্ষেপ নিতে হবে। সবশেষে, তিনি বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও সমুদ্রসীমা বৃদ্ধির মত বিভিন্ন সমস্যা মোকাবেলায় একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন। একইসাথে তিনি দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি, অভিযোজন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলন মূল্যবান পানির চাহিদা এবং ভবিষ্যত্ প্রজন্মের প্রয়োজন মেটাতে সহায়ক হবে। তিনি বলেন, ‘আমাদের মাতৃভূমিতে মানবিক ও প্রাকৃতিক জীবন সমুন্নত রাখতে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য বাংলাদেশ তার ভূমিকা পালন করে যাবে।’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে লাওসের প্রধানমন্ত্রী থংসিং থামাভং, ব্রুনাই দারুস সালামের সুলতান হাসানাল বলখিয়া, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইয়ার সাকাশভিলি ও ফিজির প্রেসিডেন্ট ইপোলি নেইলাটিকা ভাষণ দেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০টি দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি এবং এ অঞ্চল ও এর বাইরের দেশগুলোর সাত শতাধিক ব্যক্তি এ শীর্ষ সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ‘ডিজাস্টার এবং রেসপন্স : থাইল্যান্ডস এ্যাকশন এন্ড কমিটমেন্ট টু ওয়াটার এন্ড ফুড ম্যানেজমেন্ট ফর দ্য ফিউচার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়া প্রতিরোধে তাদের নাগরিকত্ব প্রদানে মায়ানমারের নেতৃত্বকে রাজি করানোর জন্য থাই সরকারের সহযোগিতা চেয়েছেন। এদিকে চিয়াংমাই আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুর বাইরেও প্রাচ্য-পাশ্চাত্য করিডোরের অভিন্ন অংশ এবং এশিয়ান ডায়ালগ ও মেকং-গঙ্গা সহযোগিতায় শরিক হওয়ার জন্য ব্যাংককের সহযোগিতা চান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, যৌথ বাণিজ্যিক কার্যক্রম এবং ঢাকা-এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু করার সমস্যাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লি¬ষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সিনাওয়াত্রাকে জানান, তার সরকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংশোধিত প্রস্তাব চূড়ান্ত করেছে এবং শিগগিরই তা অনুমোদনের জন্য কেবিনেট কমিটিতে পাঠানো হবে। শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে, সংশোধিত প্রস্তাব অনুমোদনের পর পরই ইতালি-থাই উন্নয়ন কোম্পানি ২৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করবে। গত ডিসেম্বরে ঢাকায় সিনাওয়াত্রার সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার সম্পর্কে এক নতুন যুগ সূচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থাইল্যান্ডকে খুবই ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম প্রতিবেশী হিসেবে বিবেচনা করে। শেখ হাসিনা ২০১৪-২০১৯ মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বাংলাদেশের প্রার্থিতার প্রতি থাইল্যান্ডের সমর্থন চান। থাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাণিজ্যে ব্যবধান কমাতে ডব্লি¬উটিও-এলডিসি শর্তের অধীনে শুল্ক ও কোটামুক্তভাবে সুনির্দিষ্ট বাংলাদেশি পণ্য প্রবেশের অনুমতি প্রদান এবং থাইল্যান্ডে মত্স্য ও নির্মাণ খাতে বাংলাদেশি নিয়োগে তার সরকারের সিদ্ধান্তের কথা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এ ব্যাপারে দুই দেশ সম্ভাব্য কম সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ সেন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো: ওয়াহিদ উজ জামান এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। ‘আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ হবে’ এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিকের সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন এখন কোন প্রকার হস্তক্ষেপ ছাড়া কাজ করছে এবং তার সরকারের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে। দ্বিতীয় এশিয়া প্যাসিফিক পানি সম্মেলনের বাইরে শেখ হাসিনা জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাখা ভিলির সঙ্গেও বৈঠক করেন। তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লি¬ষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন।