চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনের দাবি ব্যবসায়ীদের

চট্টগ্রামে ৪০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মাত্র ১৮০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এ কারণে শিল্প কারখানার উত্পাদন ব্যাহত হচ্ছে এবং নতুন কারখানা চালু করা সম্ভব হচ্ছে না। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে বিরাজমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। এ লক্ষ্যে কুমিল্লার বাখরাবাদ থেকে ফেনী পর্যন্ত নির্মাণাধীন গ্যাস পাইপলাইন চট্টগ্রাম পর্যন্ত সমপ্রসারণে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। এ ব্যাপারে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল সোমবার এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিনের সাথে মতবিনিময়কালে চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট নিয়ে আলোচনা হয়। চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা এ সমস্যা সমাধানে সরকারের নীতি নির্ধারণী মহলে সুপারিশ করার জন্য তাকে অনুরোধ জানান। চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ ও কামাল মোস্তফা চৌধুরী। এদিকে নৌ পরিবহন সেক্টরে অবৈধ সংগঠনের অপতত্পরতা রোধ করে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম চেম্বার। সংকট নিরসনে গতকাল সোমবার নৌ-মন্ত্রী শাজাহান খানের কাছে চিঠি পাঠানো হয়েছে।