চট্টগ্রামে তিন সরকারি কলেজে ৩৭৫ আসন বেড়েছে
মুহাম্মদ নিজাম উদ্দিন, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ মে ২০১৩, ২২:৪৯
চট্টগ্রামে মেধাবী শিক্ষার্থীদের সুবিধা দিতে তিনটি সরকারি কলেজে এইচএসসিতে ৩৭৫টি আসন বাড়ানো হয়েছে। তারপরও অনেক মেধাবী শিক্ষার্থী ভালো মানের কলেজে ভর্তি থেকে বঞ্ছিত হবে। এছাড়া আসন বাড়ালেও অবকাঠামো, শিক্ষক, ল্যাবরেটরি স্বল্পতায় মেধাবীদের শিক্ষা ব্যাহত হওয়ায় আশংকা করা হচ্ছে। তবে আসন বাড়ানোর পাশাপাশি সেকশন বাড়ালে শিক্ষার্থীরা বেশি উপকৃত হতো বলে মন্তব্য করেছেন শিক্ষক-অভিভাবকরা।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর পাসের হার বাড়ার সাথে সাথে মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম বোর্ডে এবার এসএসসিতে প্রায় সাড়ে ৭ হাজার জিপিএ-৫ পেয়েছে। ফলে এসব শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, বোর্ডের অধীনে কলেজগুলোতে আসন সংখ্যা প্রায় ৯৯ হাজার। আর এবার এসএসসিতে পাস করেছে ৭৬ হাজার ৩৭ জন। পাসের চেয়ে আসন সংখ্যা বেশি। তবে বিপুল সংখ্যক কলেজ থাকলেও মানের শিক্ষা প্রতিষ্ঠান খুবই সীমিত। বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামে ১২/১৩টি সরকারি কলেজ রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শহরের ২/৩টি কলেজকে শিক্ষার্থীরা বেশি অগ্রাধিকার দিয়ে থাকে।
সূত্র জানায়, এবার তিনটি কলেজে এইচএসসিতে ৩৭৫টি আসন বাড়ানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সরকারি কলেজে ৫০ জন, হাজী মুহাম্মদ মহসীন কলেজে ১৫০ জন ও সিটি কলেজে ১৭৫ জন। এসব কলেজ কর্তৃপক্ষ জানান, আসন বাড়ানোর প্রস্তাব পাঠাতে বাধ্য হয়েছি। কারণ একটি সেকশনে ১৫০ জনের অনুমোদন রয়েছে। তার চেয়ে বাড়াতে গেলে পাঠদান ব্যাহত হবে। তাছাড়া সেকশন বাড়ানোর কোন অনুমোদন দেয়া হয়নি। এটি করতে গেলে শিক্ষকদের নতুন পদ সৃষ্টি করতে হবে।
ওই তিনটি কলেজের শিক্ষকরা জানান, বিজ্ঞান বিভাগে আসন বাড়ানোর কারণে ব্যবহারিক শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হবে। কারণ শিক্ষার্থী অনুপাতে ল্যাবরেটরির সুবিধা অনেক কম। দীর্ঘদিন ধরে কলেজগুলোতে ব্যবহারিক বিষয়ে সরঞ্জামের স্বল্পতা বিরাজ করছে।
এছাড়া চট্টগ্রামে একমাত্র সরকারি মহিলা কলেজ নাছিরাবাদ মহিলা কলেজও নানা সমস্যায় জর্জরিত। মহিলাদের আবাসিক ব্যবস্থা থাকায় এখানে ভর্তির চাপ বেশি থাকে। গ্রামাঞ্চলের ছাত্রীরা এই কলেজে ভর্তির জন্য বেশি গুরুত্ব দিয়ে থাকে। কলেজটির অধ্যক্ষ প্রফেসর আবদুল মোনায়েম বলেন, ‘শিক্ষকদের ৪১টি পদ সৃষ্টির জন্য গত দুই বছর যাবত্ চেষ্টা করছি। আবাসন ব্যবস্থার স্বল্পতায় দূর-দূরান্তের ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’