জয়পুরহাটে ট্রাক-বাস শ্রমিক সংঘর্ষে আহত ৫

জয়পুরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে ট্রাক ও বাস শ্রমিকের সংঘর্ষে ৫ জন ট্রাক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার আগে ট্রাক শ্রমিকরা জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পল্লী বিদ্যুত্ এলাকায় রাস্তা আটকে বিআরটিসি বাসসহ ১০-১৫টি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ সময় ৪ জন ট্রাক শ্রমিককে আটক করা হয়। গাড়ি ভাংচুরের ঘটনায় জয়পুরহাট বাস শ্রমিক ইউনিয়ন জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক শ্রমিকরা গতকাল সকালে বিআরটিসি বাসসহ প্রায় ১০-১৫টি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে জয়পুরহাট বাস শ্রমিকরা লাঠিসহ গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ৫ জন ট্রাক শ্রমিক আহত হন। এদের মধ্যে ট্রাক শ্রমিকের সভাপতি জিয়া হোসেনের অবস্থা আশংকাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। জয়পুরহাট থানার ওসি আব্দুর রশিদ বলেন, কয়েক দিন ধরে ট্রাক ও বাস শ্রমিকের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। উভয় পক্ষের মধ্যে আলোচনার কথা থাকলেও হঠাত্ করে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে বাস চলাচলের ব্যবস্থা নেয়া হবে।