আশুলিয়ায় পোশাক শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ৫০

বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক নির্যাতন বন্ধসহ কয়েকটি দাবিতে গতকাল সোমবার সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের কারখানার শ্রমিকরা। বিক্ষোভকারী শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়। এ সময় ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের কারখানার শ্রমিকরা গতকাল সকালে কারখানায় ঢুকে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরে তারা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। শ্রমিকরা বিক্ষোভ শুরুর পরপরই হা-মীম গ্রুপ ও পাশের মেডলার অ্যাপারেলসের কারখানায় গত-কালের জন্য ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধি, সম্প্রতি বন্ধ থাকা তিন দিনের হাজিরা দাবি ও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের মারধর-এর প্রতিবাদে তারা গতকাল সকালে বিক্ষোভ শুরু করেন। জানা যায়, এক পর্যায়ে হা-মীম গ্রুপের কারখানার মূল ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাঁধলে পুলিশ কাঁদানে গাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় বলে শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান। তিনি বলেন, বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ, আর্মড পুলিশ, এপিবিএন ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। হা-মীম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকরা সকালে কারখানায় এসে কাজ না করে বিভিন্ন দাবিদাওয়া তুলে বেরিয়ে যায়। হা-মীম গ্রুপের নরসিংহপুর ও বাংলাবাজার এলাকার কারখানা থেকে প্রায় ২০ হাজার শ্রমিক বেরিয়ে গেলে কারখানা ছুটি ঘোষণা করা হয় বলে জানান তিনি। শ্রমিকদের দাবি প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন, ‘আগে শ্রমিকদের দুপুরের খাবার টাকা দেয়া হতো না। আজ থেকে তাদের ২৫ টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া টিফিনে ১৫ টাকার বদলে ২০ টাকা, হাজিরা বোনাস হেলপারদের ক্ষেত্রে ২৫০ টাকার জায়গায় ৩০০ টাকা ও ৩০০ টাকার বদলে ৪০০ টাকা করা হয়েছে।’ বিজিএমইএর দেয়া ঘোষণা অনুযায়ী গত সপ্তাহে কারখানা বন্ধের তিন দিনের জন্যও কর্মীদের হাজিরা বোনাস দেয়া হবে বলে জানান তিনি।