‘গতি’র যুগে গতি নিয়ন্ত্রণের চেষ্টা!

এই গতির যুগে ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণে সরকারের একটি সংস্থার সাম্প্রতিক সিদ্ধান্ত ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ইন্টারনেট ব্যবহারে এগিয়ে চলা তরুণ প্রজন্ম এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। শুরু থেকেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ডাউনলোডের চেয়ে আপলোড করার পর্যায় অধিক হারে নিয়ন্ত্রিত হওয়ায় ক্ষোভ ছিল। যারা ইন্টারনেটে ফ্রিল্যান্স কাজ করেন কিংবা যাদের বহির্বিশ্বের সঙ্গে নিয়মিত ই-মেল ছাড়াও ফাইল আদান-প্রদান করতে হয় তাদের জন্য শুরু থেকেই এ ধরনের সিদ্ধান্ত ছিল অনেক বেশি প্রতিবন্ধকতামূলক। গত বুধবার বিটিআরসি’র এক ঘোষণায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গ্রাহকদের আপলোড ব্যান্ড উইথ সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণ করার নির্দেশনা দেয়া হয়। প্রাথমিকভাবে এই সিদ্ধান্তকে মোবাইল অপারেটরদের অবৈধ ভিওআইপি ব্যবসার গতিপ্রকৃতি নির্ধারণের প্রেক্ষাপটে কৌশল হিসেবে সরকারি সূত্র থেকে উল্লেখ করা হয়। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে এটি বিচার-বিবেচনার যথার্থ প্রক্রিয়া নয়। বরং এই সিদ্ধান্তের ফলে ইন্টারনেট ব্যবহারকারী সাধারণ গ্রাহকরা ব্রাউজিং কিংবা ই-মেইল আদান-প্রদানের ক্ষেত্রে বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যেই সরকারের আরেকটি সূত্র পুরো সিদ্ধান্তটি নতুন করে বিবেচনার আশ্বাস দিয়েছে। গত বুধবার বিটিআরসি’র পাঠানো চিঠিতে বলা হয়েছে ১৬ মে রাত ১১টা থেকে এই সিদ্ধান্ত ও এ সংক্রান্ত নির্দেশনা তুলে নেয়া হয়েছে। যদিও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনা প্রাপ্তির কথা অস্বীকার করেছে। বরং কয়েকটি সূত্র বলছে, গত ১৬ মে সন্ধ্যা থেকে আইএসপি’র জন্য আপলোড ব্যান্ড উইথ ৯০ শতাংশ কমিয়ে মাত্র ১০ শতাংশ করার নির্দেশ দিয়েছে বিটিআরসি। এই প্রেক্ষিতে যখন গ্রাহকদের মধ্যে খুবই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় তখন ওই দিন রাত ১১টায় সেই নির্দেশনা তুলে নেয়া হলেও ২৫ শতাংশ পর্যন্ত আপলোড স্পিড নিয়ন্ত্রণ করার অন্য নির্দেশনাটি এখন পর্যন্ত বহাল রয়েছে। ডিজিটাল বাংলাদেশের প্রত্যাশায় যে তরুণ সমাজ ইন্টারনেটভিত্তিক চিন্তাচেতনার প্রসার ঘটিয়েছে এবং যাদের কার্যবিস্তৃতি ইন্টারনেটভিত্তিক হয়ে উঠেছে তাদের কাছে এই সিদ্ধান্ত অনেক বেশি অপ্রত্যাশিত। তাই সত্যিকার গতির রাজ্যে বিচরণের স্বার্থে প্রকৃত ইন্টারনেট ব্যবহারকারীদের এই সেবা যথার্থভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে ইন্টারনেটের গতি স্বাভাবিক করা এবং বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা অনেক বেশি জরুরি। ইন্টারনেট সংক্রান্ত নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে যথার্থ বিশেষজ্ঞদের মতামত নেয়া তাই অনেক বেশি কার্যকরী।