১৫ সম্পাদকের বিবৃতিতে বিশিষ্ট নাগরিকদের বিস্ময় প্রকাশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে ১৫ পত্রিকা সম্পাদকের বিবৃতি প্রদানে বিস্ময় প্রকাশ করেছেন দেশের ১৫জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিদাতারা হলেন কাইয়ূম চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, হাশেম খান, নির্মলেন্দু গুণ, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, সেলিনা হোসেন, গোলাম কুদ্দুছ, মুহাম্মদ সামাদ, ডা: কামরুল হাসান খান ও শ্যামলী নাসরিন চৌধুরী। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে নাগরিকবৃন্দ বলেন, আমরা প্রত্যেকেই গণ-মাধ্যমের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু স্বাধীনতার নামে উদ্দেশ্যপূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ, দেশে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট ও দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিতে উস্কানি প্রদানে মাহমুদুর রহমান ও তার পত্রিকা ‘আমার দেশ’-এর ন্যক্কারজনক ভূমিকা দেশবাসী প্রত্যক্ষ করেছে। বিবৃতিতে বলা হয়, সম্পাদকের আলখেল্লা পরিধান করে যুদ্ধাপরাধীদের রক্ষা ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সরকার সাংবিধানিক দায়িত্ব ও জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেছে। এদিকে এই ঘটনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত আরেকটি বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল ( অব:) কে. এম. শফিউল্লাহ বীরউত্তম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা: কামরুল হাসান খান। বিবৃতিতে নাগরিকবৃন্দ বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উত্খাত এবং বিচার বিভাগকে কটাক্ষ করে আমার দেশ পত্রিকায় পরিবেশিত সংবাদসমূহ দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। সাংবাদিকতা ও সম্পাদনার সকল রীতি-নীতি, নৈতিকতা ও আদর্শ উপেক্ষা করে যে ব্যক্তি রাষ্ট্র ও জনজীবনকে বিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপূর্ণভাবে সংবাদপত্রকে অপব্যবহার করে- সেই ব্যক্তির মুক্তি দাবি করা মোটেও যৌক্তিক মনে হয় না।