দেরিতে হলেও সত্য প্রতিষ্ঠিত হলো
প্রকাশ : ২০ মে ২০১৩, ২২:৫৭
সামরিক ট্রাইব্যুনালে কর্নেল আবু তাহেরের বিচারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন বীর উত্তম বলেছেন, দেরি হলেও সত্য যে প্রতিষ্ঠিত হয়, এ রায়ই তার প্রমাণ। তিনি বলেন, কর্নেল তাহেরকে সামরিক আইনের ১২১ ধারার অধীনে বিচার করা হয়েছিলো সে ধারায় সর্বোচ্চ শাস্তি ছিলো যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ওই সামরিক ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলো।
মেজর জিয়াউদ্দিন বলেন, কর্নেল তাহেরকে ফাঁসি দেয়ার দুই সপ্তাহ পর জেনারেল জিয়া মার্শাল ল’ অর্ডিন্যান্স জারি করে এ ধারায় মৃত্যুদণ্ডের শাস্তি সংযোজন করেন। এ দিক বিবেচনা করে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডকে ‘হত্যা’ বলা যথার্থ। তিনি বলেন, আমরা আশাবাদী এই রায়ের মধ্য দিয়ে কর্নেল তাহেরের শহীদী মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, ওই মামলায় যারা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেছেন হাইকোর্টের রায় অনুযায়ী নির্দিষ্ট সময়ে তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।