গার্মেন্টসে হামলা ষড়যন্ত্রের ফল :শ্রমমন্ত্রী

পোশাক কারখানায় হামলাকে দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন শ্রমমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু। গতকাল পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গার্মেন্টস কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় বড় ক্রেতা প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নিচ্ছে। বিদেশি ক্রেতারা আসছে না। এ অবস্থা চলতে থাকলে কারখানা মালিকরা কোনভাবে হয়তো বেঁচে যাবে। তবে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। গত কয়েক দিন ধরে বিক্ষুব্ধ শ্রমিকদের হাতে আশুলিয়াসহ দেশের বিভিন্ন পোশাক কারখানায় হামলা-ভাঙচুর প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। এ জন্য চিহ্নিত কিছু শ্রমিক নেতাকে দায়ী করে তিনি বলেন, এই শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা হলে বিদেশি রাষ্ট্রদূতরা তদ্বির শুরু করেন। এই সংকট থেকে উত্তরণে কারখানা মালিকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কারখানার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে জিএসপি টিকিয়ে রাখতে কয়দিন পরপর আমেরিকায় দৌড়াতে হচ্ছে। আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার প্রত্যেক শ্রমিকের আলাদা তথ্য সমৃদ্ধ ‘ডাটা বেইজ’ সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বিজিএমইএ’র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল বিজিএমইএ’র সহ-সভাপতি এস এম মান্নান কচি ও রিয়াজ বিন মাহমুদ সুমন প্রমুখ।