অন্তর্বর্তী সরকারের প্রধান হতে প্রধানমন্ত্রীকে নির্বাহী ক্ষমতা ছাড়তে হবে

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তবর্তী সরকারের প্রধান হতে হলে প্রধানমন্ত্রী হিসেবে তাকে সকল নির্বাহী ক্ষমতা পরিত্যাগ করতে হবে। আর সংবিধান সংশোধন ছাড়া এটি সম্ভব নয়। গতকাল সোমবার ‘ট্রাইবুনাল হতে অপহূত সাক্ষী বালির অবস্থান, প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে তা দেশের মানুষ বিশ্বাস করে না। তাই আমাদের একটিই দাবি, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তিনি বলেন, সরকারের কথা মতো সাক্ষ্য দেবেন না বলেই সুখরঞ্জন বালিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নিয়ে যায়। এই সুখরঞ্জন বালি সীমান্ত অতিক্রম করে ভারতে কিভাবে গেলো, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রেসনোট চাই। স্বাধীনতা সংরক্ষণ ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।