প্রাইম ব্যাংকের ২০ শীর্ষ কর্মকর্তাকে দুদকে তলব

বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় প্রাইম ব্যাংকের ২০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক থেকে তাদের কাছে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে আগামী ২ ও ৩ জুন সকাল দশটায় পালাক্রমে হাজির হতে বলা হয়েছে। উল্লেখ্য, অভিযোগ রয়েছে বিসমিল্লাহ গ্রুপ মোট ছয়টি ব্যাংক থেকে এক হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতি করেছে। ব্যাংকগুলো হলো - প্রাইম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও জনতা ব্যাংক। ইতোমধ্যেই দুদকের অনুসন্ধান টিম ব্যাংকগুলোর নথি পর্যালোচনা করে প্রায় অর্ধশতাধিক ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছে।