মহাসেনের আঘাতে চরফ্যাশনে ৯৩ শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে চরফ্যাশনে এ পর্যন্ত ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাথমিক-নিম্নমাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, দাখিল-আলিম-ফাজিল মাদরাসা ও দুইটি কলেজ রয়েছে। শিক্ষা অফিস সূত্র জানায়, সম্পূর্ণ ও আংশিক এই দুই ভাগে বিভক্ত করে ক্ষয়ক্ষতির একটি তালিকা চূড়ান্ত করা হচ্ছে। গত শনিবার বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েকটিতে ঘুরে দেখা যায়, সেখানে শিক্ষা কার্যক্রম চালু রাখাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও কমে গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম জানান, তিনি এ পর্যন্ত বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পেয়েছেন। ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে - জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, রসুলপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শওকত আরা চৌধুরী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়, কুতুবগঞ্জ মাজেদিয়া দাখিল মাদরাসা, কুলসুমবাগ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চর আর কলমী গাফুরিয়া দাখিল মাদরাসা ও ঢালচর ইসলামিয়া দাখিল মাদরাসা। বিধ্বস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্রও নষ্ট হয়ে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো শিক্ষা কার্যক্রম সমপূর্ণ বন্ধ রয়েছে, আর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোতে ঝুঁকি নিয়ে কোনভাবে ক্লাস চলছে । এদিকে মধ্য ওচমানগঞ্জ-১ সরকারি প্রাথমিক, মধ্য ওচমানগঞ্জ-২ সরকারি প্রাথমিক, উত্তর পশ্চিম ফ্যাশন সরকারি ও মধ্য উত্তর ফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের গৃহ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম জানান, সরকারিভাবে তাত্ক্ষণিকভাবে ৫ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে তা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি।