সরকার ক্ষমতায় থাকার শেষ কামড় দিয়ে ফেলেছে :এম কে আনোয়ার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার সরকারের উদ্দেশে বলেছেন, ক্ষমতায় থাকার শেষ কামড় দিয়ে ফেলেছেন, এখন বলছেন কেউ আর কথা বলতে পারবে না। আপনাদের পতন অবশ্যম্ভাবী। তিনি বলেন, সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার মাধ্যমে সরকার ক্ষমতায় থাকার শেষ অস্ত্র ছেড়ে দিয়েছে। সরকারের কাছে আর অস্ত্র নাই। এখন হয়তো জরুরি অবস্থা জারি করবে। কিন্তু তাতেও কাজ হবে না। এর আগেও জরুরি অবস্থা জারি করা হয়েছিল কিন্তু জনগণ তা মেনে নেয়নি। গতকাল সোমবার বিকালে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্সসহ মহানগর নেতাকর্মীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক। সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়ে এমকে আনোয়ার বলেন, সংলাপ নিয়ে আপনারা একেকজন একেক কথা বলছেন। এখন আবার বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী। আপনারা সেই সরকারের প্রধান কে হবেন, তা স্পষ্ট করুন। মনে হয় জনগণ ইতিবাচক সাড়া দেবে। সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, পত্রিকা ও টিভি চ্যানেল বন্ধ করার সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, আগেও আপনারা সংবাদপত্র বন্ধ করেছিলেন। সবাই জানেন, কী পরিণতি হয়েছিল। আবার আপনারা সেদিকেই এগোচ্ছেন।